জামালপুরের মাদারগঞ্জে মাত্র ৫০০ টাকার বাজির নেশায় একটি জীবন্ত শালিক পাখির শরীর ছিঁড়ে কাঁচা মাংস খাওয়ার এক রোমহর্ষক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এই ঘটনার পর অভিযুক্ত সাবদুল্লাহকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে মাদারগঞ্জ উপজেলার কোয়ালিকান্দি মধ্যপাড়ায় অবস্থিত তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় এই আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার সূত্র ধরে জানা যায়, বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় দেড় মিনিটের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন মানুষের উপস্থিতিতে এক ব্যক্তি একটি জীবন্ত পাখির শরীর থেকে চামড়া ছাড়িয়ে কাঁচা মাংস খাচ্ছেন। ভিডিওর অডিওতে তাকে ৫০০ টাকার বাজি নিয়ে কথা বলতে শোনা যায়।
স্থানীয় সাংবাদিক সাদ্দাম হোসাইন প্রথম এই ভিডিওটি প্রকাশ করেন। তিনি জানান, রাইসুল ইসলাম নামের এক ব্যক্তি তাকে ভিডিওটি পাঠিয়েছিলেন। ভিডিওতে যে ব্যক্তি পাখির মাংস খাচ্ছেন, তার নাম সাবদুল্লাহ বলে তিনি উল্লেখ করেন।
ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পরপরই পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করতে তৎপর হয়ে ওঠে। এরপর বুধবার দুপুরে মাদারগঞ্জ উপজেলার কোয়ালিকান্দি মধ্যপাড়ায় তার বাড়িতে অভিযান চালিয়ে সাবদুল্লাহকে আটক করা হয়।
এই পুরো বিষয়টি নিয়ে মাদারগঞ্জ থানার ওসি স্নেহাশীষ রায় বলেন, “ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই পুলিশ অভিযুক্তকে নিজ বাড়ি থেকে আটক করেছে। বন্য প্রাণী অধিদপ্তরের একটি দল ঘটনাস্থলে এসে পুরো ঘটনা বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ ঘটনায় মামলার বিষয়টি আইনি প্রক্রিয়ার অধীনে রয়েছে।”