নরওয়ের মাটিতে ভাইকিংদের মুখোমুখি হয়ে দলের জয় ছিনিয়ে আনতে না পারলেও ব্যক্তিগত এক অনন্য মাইলফলক স্পর্শ করেছেন হ্যারি কেইন। চ্যাম্পিয়নস লিগের মঞ্চে মেসির মতো কিংবদন্তিকে পেছনে ফেলে নতুন এক রেকর্ডের জন্ম দিলেন এই ইংলিশ স্ট্রাইকার।
গতকাল রাতে নরওয়েজিয়ান ক্লাব ভাইকিংয়ের মাঠে বায়ার্ন মিউনিখের হয়ে খেলতে নামেন কেইন। ম্যাচটি শেষ হয় ৩–৩ গোলের সমতায়। তবে বায়ার্নের হয়ে জোড়া গোল করে দলের ড্রতে বড় ভূমিকা রাখেন কেইন। এই দুই গোলের সৌজন্যেই চ্যাম্পিয়নস লিগের রেকর্ড বইয়ে লিওনেল মেসিকে পেছনে ফেলে সামনে এগিয়ে গেলেন ইংল্যান্ডের এই তারকা।
পরিসংখ্যান বলছে, ৩০ বছর বয়স পেরিয়ে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আর্জেন্টাইন মহাতারকা মেসিকে ছাড়িয়ে গেছেন কেইন। ৩৩ বছর বয়সী কেইন ৩০ বছর বয়স অতিক্রম করার পর ইউরোপের এই শীর্ষ ক্লাব প্রতিযোগিতার ৪০টি ম্যাচে ৩৬টি গোল করেছেন। অন্যদিকে, বার্সেলোনার কিংবদন্তি মেসি ৩০ বছর বয়সের পর চ্যাম্পিয়নস লিগের ৪৮টি ম্যাচে করেছিলেন ৩৫টি গোল। ফলে ভাইকিংয়ের জালে কেইনের দ্বিতীয় গোলটি তাকে মেসির চেয়ে এগিয়ে দেয়।
২০২৩ সালে বায়ার্নে যোগ দেওয়ার পর থেকে চ্যাম্পিয়নস লিগে কেইনের এক বিধ্বংসী রূপ দেখা যাচ্ছে। এখন তার সামনে রয়েছেন করিম বেনজেমা, রবার্ট লেভানডফস্কি এবং ক্রিস্টিয়ানো রোনালদো। ৩০ বছর বয়সের পর এই তালিকায় বেনজেমার গোল সংখ্যা ৩৭টি, লেভানডফস্কির ৬৪টি এবং রোনালদোর ৬৮টি। কেইন যেভাবে গোল করার ধারাবাহিকতা ধরে রাখছেন, তাতে বেনজেমার রেকর্ড ভেঙে ফেলা কেবল সময়ের ব্যাপার মাত্র। তবে লেভানডফস্কি ও রোনালদোর বিশাল ব্যবধান ঘুচিয়ে তাদের পেছনে ফেলতে পারবেন কি না, তা সময়ই বলে দেবে।
রেকর্ডের নেশায় ছুটছেন কেইন। চ্যাম্পিয়নস লিগে টানা ৯টি ম্যাচে গোল করার কৃতিত্ব দেখিয়েছেন তিনি। এর আগে পোলিশ তারকা লেভানডফস্কি এবং সাবেক ডাচ স্ট্রাইকার রুদ ফন নিষ্টলরয়ও টানা ৯ ম্যাচে গোল করেছিলেন। তবে নতুন রেকর্ড গড়তে হলে কেইনকে আরও টানা ৩টি ম্যাচে গোল করতে হবে। কারণ ২০১৮ সালে ক্রিস্টিয়ানো রোনালদো টানা ১১টি ম্যাচে গোল করার এক অনন্য রেকর্ড গড়েছিলেন।
বর্তমান ফর্মে ব্যালন ডি’অর জয়ের দৌড়ে কেইন এখন অন্যতম শক্তিশালী দাবিদার। গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে মোট ৬৫টি ম্যাচে তিনি করেছেন ৭৩টি গোল। বুন্দেসলিগা শিরোপার পাশাপাশি জার্মান কাপও জিতেছেন তিনি। গত জুলাইয়ে সমাপ্ত বিশ্বকাপে ইংল্যান্ড দলকে সেমিফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছিলেন এই স্ট্রাইকার। চলতি মৌসুমেও দারুণ শুরু করেছেন কেইন, ৯ ম্যাচে এখন পর্যন্ত ৮টি গোল করেছেন তিনি।