বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সংক্ষিপ্ত প্রশ্ন
অধ্যায়–৬
প্রশ্ন: টেরাকোটা বলতে কী বোঝায়?উত্তর: মাটির ফলক বা পাত তৈরি করে তাতে ছবি উৎকীর্ণ করে পুড়িয়ে স্থায়ী রূপ দেওয়াকে টেরাকোটা বা পোড়ামাটির শিল্প বলা হয়। দিনাজপুরের কান্তজিউ মন্দিরে এভাবে পোড়ামাটির কাজ দিয়ে রামায়ণের কাহিনি উৎকীর্ণ আছে।
প্রশ্ন: বাংলা ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে ড. মুহম্মদ শহীদুল্লাহর অবদান লেখো।
উত্তর: ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন বাংলা ভাষার গবেষক। তিনি বাংলা ভাষা–সাহিত্যের ইতিহাস রচনা করেছেন। চর্যাপদের কাল নির্ণয় করেছেন এবং আঞ্চলিক ভাষার অভিধান সংকলন করেছেন।
প্রশ্ন: বাঙালির প্রথম সাহিত্যকর্মটিকে ব্যাখ্যা করো।
উত্তর: বাঙালির প্রথম সাহিত্যকর্ম ‘চর্যাপদ’ নামে পরিচিত। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী প্রথম নেপালের রাজদরবার থেকে এগুলো আবিষ্কার করেন। পরে ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ গবেষণা করে জানান, প্রায় দেড় হাজার বছর আগে বৌদ্ধ সাধকেরা এগুলো লিখেছেন। এসব পদ এখন বোঝা কঠিন। শাব্দিক অর্থ ছাড়া এগুলোর ভাবার্থও বুঝতে হয়। চর্যাগীতির বিখ্যাত রচয়িতাদের মধ্যে ছিলেন লুই পা, কাহ্ন পা প্রমুখ।
প্রশ্ন: পুঁথিসাহিত্য বলতে কী বোঝায়?উত্তর: পুঁথিসাহিত্য বাংলা সাহিত্যের ইতিহাসে একটি বিশেষ জায়গা দখল করে আছে। মুসলমান সমাজে পুঁথিসাহিত্যের ব্যাপক কদর ছিল। পারস্য থেকে পাওয়া নানা কল্পকাহিনি ও রোমান্টিক আখ্যান নিয়ে এগুলো রচিত হতো। সেকালে বাড়ি বাড়ি পুঁথিপাঠের আসর বসত, আবার পুঁথি নকল করে সংরক্ষণও করা হতো। ‘ইউসুফ জুলেখা’, ‘লাইলি-মজনু’, ‘সয়ফুলমুলক বদিউজ্জামাল’, ‘জঙ্গনামা’ ইত্যাদি বিখ্যাত সব পুঁথির নাম।
অধ্যায়-৭
প্রশ্ন: ব্যক্তির সামাজিকীকরণের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ব্যাখ্যা করো।উত্তর: ব্যক্তির সামাজিকীকরণের ক্ষেত্রে গণমাধ্যম এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংবাদপত্র সমাজ ও বিশ্ব সম্পর্কে স্বচ্ছ ধারণা সৃষ্টি করে। বেতার ও রেডিওর মাধ্যমে গণসচেতনতা বৃদ্ধি পায় এবং মানুষের মধ্যে সংস্কৃতিবোধ সৃষ্টি হয়। টেলিভিশন দেশপ্রেম জাগ্রত করে। চলচ্চিত্র মূল্যবোধ, মানবিকতা ও সহমর্মিতার বোধ জাগিয়ে তোলে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ভাব বিনিময় ও বন্ধন সুদৃঢ় করে।
মিজানুর রহমান, শিক্ষকধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা