জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাজার রায়ের বিরুদ্ধে আপিল করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আপিলটি দায়ের করা হয়েছে বলে আজ বুধবার নিশ্চিত করেছেন ইনুর আইনজীবী সিফাত মাহমুদ।

আইনজীবী সিফাত মাহমুদ মুক্তকণ্ঠকে জানান, উক্ত মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়েছিল। বিচার প্রক্রিয়ার পর এর মধ্যে তিনটি অভিযোগ প্রমাণিত হয় এবং সেই তিনটি অভিযোগের ভিত্তিতেই তাঁকে সাজা প্রদান করা হয়। তবে তাঁর দাবি, প্রসিকিউশন বা রাষ্ট্রপক্ষ এই অভিযোগগুলোর সপক্ষে প্রয়োজনীয় সাক্ষ্যপ্রমাণ এবং পর্যাপ্ত তথ্য-উপাত্ত উপস্থাপন করতে সক্ষম হয়নি। এছাড়া তাঁর আইনজীবীর মতে, এই অভিযোগগুলো ফৌজদারি আইনের আওতাভুক্ত নয়। আর এই সব কারণেই সাজা বাতিলের আবেদন জানিয়ে আপিল করা হয়েছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ চলতি বছরের ৩০ জুন ইনুর বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণা করেন। ওই মামলায় আটটি অভিযোগের মধ্যে তিনটি প্রমাণিত হওয়ায় তাঁকে প্রতিটি অভিযোগে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

রায় ঘোষণার সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেছিলেন, “তিনটি অভিযোগে সাজা দেওয়া হয়েছে ১০ বছর করে, তাহলে ৩০ বছর হয়। কিন্তু এই সাজা যুগপৎ চলবে। অর্থাৎ সাজা হবে ১০ বছর।”

অন্যদিকে, ইনুর এই ১০ বছরের কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে আপিল করেছে প্রসিকিউশন। গত ৫ অক্টোবর ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম সাংবাদিকদের এই তথ্য প্রদান করেন।