যশোর শহরে এক আকস্মিক হামলার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরী। এই নৃশংস আক্রমণে তিনি গুরুতর আহত হন এবং রক্তাক্ত অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তাঁর মাথায় তিনটি সেলাই দিয়েছেন। প্রাথমিক চিকিৎসা সম্পন্ন করার পর বর্তমানে তিনি নিজ বাড়িতে অবস্থান করছেন।
ঘটনাটি ঘটে আজ মঙ্গলবার দুপুরে। শহরের বেজপাড়া নলডাঙ্গা সড়কের নতুন বাজার এলাকায় নিজের বাড়ির সামনেই হামলার মুখে পড়েন সমু চৌধুরী। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি নিজেই বাদী হয়ে দুজনকে আসামি করে যশোরের কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশি তৎপরতায় ওই মামলার একজন আসামি জাহাঙ্গীর তালুকদার (৩৬)-কে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
ঘটনার বিবরণ অনুযায়ী, দুপুরে বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন সমু চৌধুরী। সেই সময় মোটরসাইকেল গ্যারেজের মেকানিক জাহাঙ্গীর নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। বিবাদের একপর্যায়ে গ্যারেজের মালিক হৃদয় এবং মেকানিক জাহাঙ্গীর ইট দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতে তাঁর মাথা ফেটে যায় এবং তিনি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আহসান কবির মুক্তকণ্ঠ কে বলেন, ‘সমু চৌধুরী দুপুর দুইটার দিকে আহত হয়ে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন । তাঁর মাথায় জখম ছিল। তিনটা সেলাই দিতে হয়েছে । তিনি আশঙ্কা মুক্ত অবস্থায় বাড়িতে গিয়েছেন।’
নিজের ওপর এমন আকস্মিক হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে সমু চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘বাড়িতে এসে এ রকম একটা ঘটনা ঘটবে আমার সঙ্গে, হতভম্ব হয়ে গেছি। সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। আমি ওই জায়গাটাকে পরিষ্কার করতে চেয়েছি। এতে অনেকের সমস্যা হচ্ছে। আমার ওপর হামলা হলো।’
অন্যদিকে, অভিযুক্ত গ্যারেজমালিক হৃদয় মুঠোফোনে দাবি করেছেন যে, তিনি এই ঘটনার সঙ্গে জড়িত নন। তাঁর ভাষ্যমতে, সমু চৌধুরী মা-বোন তুলে গালিগালাজ করায় মেকানিক জাহাঙ্গীর তাঁর ওপর হামলা চালিয়েছে।
এই অর্বাচিন হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। তাঁরা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত সকল ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
পুরো বিষয়টি নিশ্চিত করে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মুক্তকণ্ঠকে বলেন, অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলার ঘটনায় একটি মামলা করা হয়েছে। হামলার শিকার সমু চৌধুরী নিজেই মামলার বাদী হয়েছেন। এর মধ্যে জাহাঙ্গীর নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।