কিশোরগঞ্জে জেলা পুলিশের এক সদস্যের মাদক সেবনের প্রমাণ পাওয়া গেছে ডোপ টেস্টের মাধ্যমে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ওই পুলিশ সদস্যের নমুনা পরীক্ষা করা হলে মাদক গ্রহণের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
জানা গেছে, মো. ওসমান গনি নামের ওই পুলিশ সদস্য বর্তমানে ড্রাইভার কনস্টেবল হিসেবে কর্মরত আছেন। তিনি ঢাকা জেলার ধামরাই থানার সাহাবেলীশ্বর গ্রামের আব্দুল কুদ্দুছের সন্তান।
হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. নূর মো. শামসুল আলম নিশ্চিত করেছেন যে, পরীক্ষায় ওই সদস্যের ফল পজিটিভ এসেছে। তিনি আরও জানান, “পরীক্ষার প্রতিবেদনটি পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে।”
এই ঘটনার প্রেক্ষিতে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। পুলিশ সদস্যদের ক্ষেত্রেও এ নীতি সমভাবে প্রযোজ্য। মাদকের সঙ্গে জেলা পুলিশের কোনো ধরনের সংশ্লিষ্টতা না থাকার বিষয়টি নিশ্চিত করতে সন্দেহভাজন সদস্যদের ডোপ টেস্ট করানো হচ্ছে।”
পুলিশ সুপার আরও উল্লেখ করেন যে, এরই ধারাবাহিকতায় মঙ্গলবার কনস্টেবল ওসমান গনির ডোপ টেস্ট করা হয়। পরীক্ষায় তার ফল পজিটিভ আসায় আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।