ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক (রা.)-এর ব্যক্তিত্ব সম্পর্কে অনেকেরই ধারণা যে, তিনি ছিলেন অত্যন্ত কোমল হৃদয়ের, প্রগাঢ় আবেগপ্রবণ এবং অশ্রুসিক্ত স্বভাবের একজন সাধক মানুষ। তবে তাঁর এই কোমলতার আড়ালে যে এক দূরদর্শী রাজনৈতিক প্রজ্ঞা এবং সংকটকালীন দৃঢ়তা লুকিয়ে ছিল, তা প্রায়শই আলোচনা বা দৃষ্টির আড়ালে চলে যায়।
রাসুলুল্লাহ (সা.)-এর ওফাতের পর ইসলামি রাষ্ট্র যখন এক চরম অস্তিত্ব সংকটের মুখে পড়েছিল, তখন ওমর ইবনুল খাত্তাবের মতো প্রভাবশালী ও শক্তিশালী সাহাবিও কৌশলগতভাবে নমনীয় নীতির পরামর্শ দিয়েছিলেন। কিন্তু সেই কঠিন সন্ধিক্ষণে আবু বকর সিদ্দিক (রা.) অবিচল পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন। তিনি তিনটি অত্যন্ত সাহসী ও দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করেন, যা কেবল ইসলামি রাষ্ট্রের ভিত্তিকেই সুসংহত করেনি, বরং ইসলামের বিধান ও মৌলিক কাঠামোকে রক্ষা করতে সক্ষম হয়েছিল।
১. ওসামার সেনাদল প্রেরণ
নবীজি (সা.) তাঁর ওফাতের মাত্র কয়েক দিন আগে ওসামা ইবনে জায়েদের নেতৃত্বে রোমান সীমান্তে পাঠানোর জন্য একটি সেনাদল প্রস্তুত করেছিলেন। কিন্তু সেই বাহিনী মদিনার উপকণ্ঠে পৌঁছানোর পরপরই নবীজির বিদায়ের সংবাদ আসে। ঠিক সেই সময়ে সমগ্র আরব উপদ্বীপে বিদ্রোহ এবং স্বধর্মত্যাগের (রিদ্দা) আগুন ছড়িয়ে পড়ে। মদিনা যখন চতুর্দিক থেকে বিদ্রোহী ও শত্রুগোত্রগুলোর আক্রমণের আশঙ্কায় মারাত্মক হুমকির মুখে, তখন জ্যেষ্ঠ সাহাবিদের একটি দল নিরাপত্তার স্বার্থে ওসামার এই অভিযান স্থগিত রাখার অথবা সেনাদলটিকে মদিনা রক্ষায় নিয়োজিত করার পরামর্শ দেন।
আবু বকর (রা.) সাহাবিদের এই নমনীয় কৌশলগত প্রস্তাব অত্যন্ত দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করেন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে, আল্লাহর রাসুল (সা.) যে সেনাদলের পতাকা বেঁধেছেন, তা স্থগিত করার অধিকার তাঁর নেই। কৌশলগত বিচারে আবু বকরের এই সিদ্ধান্তটি ছিল এক যুগান্তকারী পদক্ষেপ। মদিনা নগরী যখন অভ্যন্তরীণ ও বাহ্যিক সংকটে জর্জরিত, তখন এত বিশাল ও সুসজ্জিত সেনাদলকে পারস্য ও রোমান সীমান্তের দিকে এগিয়ে যেতে দেখে বিদ্রোহী গোত্রগুলো দমে যায়। তারা কল্পনাও করতে পারেনি যে মদিনার কেন্দ্রীয় প্রশাসন এতটা শক্তিশালী ও নির্ভীক হতে পারে। ফলে মদিনা দখলের পরিকল্পনা নস্যাৎ হয়ে যায় এবং রাষ্ট্রের ভাবমূর্তি ও প্রতিপত্তি অক্ষুণ্ণ থাকে। (আলি মুহাম্মদ আস-সাল্লাবি, আবু বকর আস-সিদ্দিক: সাহাকসিয়্যাতুহু ওয়া আসরুহু , ১/১৮৫, মাকতাবাতুস সাহাবাহ, জেদ্দা, ২০০১)
২. জাকাত অস্বীকারকারীদের দমন
নবীজি-পরবর্তী সময়ে ধর্মত্যাগী ও বিদ্রোহীদের মূলত তিনটি শ্রেণিতে বিভক্ত করা যায়: প্রথমত, যারা পৌত্তলিকতায় প্রত্যাবর্তন করেছিল এবং ইসলাম ত্যাগ করে পুনরায় মূর্তিপূজায় ফিরে গিয়েছিল। দ্বিতীয়ত, যারা মুসায়লিমা কাজ্জাব ও আসওয়াদ আনাসির মতো ভণ্ড নবীদের আনুগত্য স্বীকার করেছিল। তৃতীয়ত, জাকাত অস্বীকারকারী দল; যারা নিজেদের মুসলিম দাবি করত এবং নামাজ আদায় করত, কিন্তু রাষ্ট্রে জাকাত দিতে অস্বীকার করেছিল। তারা সুরা তাওবার ১০৩ নম্বর আয়াতের এক অসৎ ব্যাখ্যা দিয়ে দাবি করেছিল যে, জাকাত ছিল কেবল নবীজির ব্যক্তিগত অধিকার।
ওমর (রা.) এবং অনেক শীর্ষ সাহাবি জাকাত অস্বীকারকারীদের প্রতি সাময়িক নমনীয় আচরণ এবং তাদের বুঝিয়ে-শুনিয়ে সুপথে ফিরিয়ে আনার পরামর্শ দেন। কিন্তু আবু বকর (রা.) অনুধাবন করতে পেরেছিলেন যে, নামাজ ও জাকাত উভয়ই ইসলামের সমমানের দুটি অবিচ্ছেদ্য স্তম্ভ। নামাজ হলো আল্লাহর সঙ্গে ব্যক্তির সম্পর্ক, আর জাকাত হলো রাষ্ট্রের সঙ্গে নাগরিকের সামাজিক ও অর্থনৈতিক দায়বদ্ধতা। ইসলামের এই মৌলিক উপাদানে আপস করার অর্থ হলো সদ্য গঠিত রাষ্ট্র ও ধর্মের ভিত্তিমূলকে দুর্বল করে দেওয়া।
আবু বকর (রা.) সরাসরি যুদ্ধে নামার আগে দূত পাঠিয়ে ইসলামের নীতি ব্যাখ্যা করেন। কিন্তু তারা অবিচল থাকলে তিনি তাঁর চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেন, “শপথ খোদার, যে ব্যক্তি নামাজ ও জাকাতের মধ্যে পার্থক্য তৈরি করবে, আমি অবশ্যই তার বিরুদ্ধে যুদ্ধ করব। কারণ জাকাত হলো সম্পদের ওপর নির্ধারিত হক। শপথ করে বলছি, তারা যদি নবীযুগের একটি রশি বা ছাগলছানাও জাকাত হিসেবে দিয়ে থাকে এবং এখন তা দিতে অস্বীকার করে, তবে আমি তাদের বিরুদ্ধে লড়াই করব।” এরপর তিনি ১১টি সামরিক পতাকা প্রস্তুত করে অভিজ্ঞ সেনাপতিদের অধীনে সেনাদল পাঠান এবং ফেতনার উৎস উৎখাত করে রাষ্ট্রের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠা করেন। (ইবনে কাসির, আল-বিদায়া ওয়ান নিহায়া , ১/৩১১, দারুল ফিকর, বৈরুত, ১৯৬৬)
৩. কোরআন সংকলনের ঐতিহাসিক সিদ্ধান্ত
ধর্মত্যাগীদের বিরুদ্ধে পরিচালিত রক্তক্ষয়ী যুদ্ধটি সংঘটিত হয়েছিল ইয়ামামার প্রান্তরে ভণ্ড নবী মুসায়লিমার বাহিনীর বিরুদ্ধে। এই যুদ্ধে বহু সাহাবি শাহাদাত বরণ করেন, যাঁদের মধ্যে প্রায় সাতশত জন ছিলেন হাফেজে কোরআন। হাফেজ সাহাবিদের এই ব্যাপক শাহাদাতে ওমর (রা.) অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি আশঙ্কা করেন যে, এভাবে চলতে থাকলে কোরআনের বহু অংশ হাফেজদের মৃত্যুর সঙ্গে সঙ্গে হারিয়ে যেতে পারে। এই প্রেক্ষাপটে তিনি খলিফা আবু বকরের কাছে গিয়ে একটি একক গ্রন্থে (মুসহাফ) পুরো কোরআন সংকলন ও সংরক্ষণের প্রস্তাব দেন।
প্রথমে আবু বকরের মধ্যে চিরাচরিত সতর্কতা দেখা যায়। তিনি কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে বলেন, “যে কাজ নবীজি নিজে করে যাননি, তা আমি কীভাবে করব?” কিন্তু ওমর (রা.) যখন সার্বজনীন কল্যাণের বিষয়টি বুঝিয়ে বলেন, তখন আবু বকরের হৃদয়ে সত্য উন্মোচিত হয়। তিনি তরুণ সাহাবি ও ওহি লেখক জায়েদ ইবনে সাবিত (রা.)-কে দায়িত্ব দেন, যেন তিনি সর্বাত্মক সতর্কতা ও দুই জন সাক্ষীর নীতির ওপর ভিত্তি করে লিখিত ও সংরক্ষিত টুকরোগুলো একত্র করে মুসহাফ সংকলন করেন। এই ঐতিহাসিক সিদ্ধান্তের ফলেই কেয়ামত পর্যন্ত উম্মাহর জন্য পবিত্র কোরআনের অবিকৃত সংস্করণ সংরক্ষিত হয়। (সহিহ বুখারি, হাদিস: ৪৯৮৬)
আবু বকর সিদ্দিক (রা.) তাঁর সুদৃঢ় নেতৃত্বের মাধ্যমে প্রমাণ করেছেন যে, রাষ্ট্রের অস্তিত্ব ও ধর্মের মৌলিক নীতির প্রশ্নে নমনীয়তার চেয়ে সুদূরপ্রসারী কঠোরতাই আসল প্রজ্ঞা। তাঁর কৌশল, সময়োচিত সিদ্ধান্ত এবং আপসহীন দূরদর্শিতার মাধ্যমেই মহান আল্লাহ নবীজির ওফাত-পরবর্তী উম্মতকে এক মহাসংকটের হাত থেকে রক্ষা করেছিলেন।