মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনার সময় জেলেদের ধাওয়ায় উল্টে ডুবে গেছে নৌ পুলিশের একটি স্পিডবোট। এই আকস্মিক দুর্ঘটনায় নৌ পুলিশের ১০ সদস্য নদীতে পড়ে গেলেও তারা প্রাণে বেঁচে গেছেন। তবে তাদের সাথে থাকা একটি শটগান পানির গভীরে তলিয়ে যাওয়ায় তা উদ্ধার করা সম্ভব হয়নি।
আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে চাঁদপুর জেলার মতলব উত্তরের ছটাকী এলাকায় এই ঘটনাটি ঘটে। চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চাঁদপুর সদর নৌ পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর থেকে ২২ দিনব্যাপী মা ইলিশ রক্ষা অভিযান শুরু হয়েছে। এই অভিযানের অংশ হিসেবে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইনের নেতৃত্বে ১০ সদস্যের একটি দল আজ ভোরে মেঘনা নদীতে টহল দেয়। সকাল সাড়ে সাতটার দিকে তারা স্পিডবোট নিয়ে মতলব উত্তরের ষাটনল ও ছটাকী এলাকায় মাছ ধরা অবস্থায় থাকা জেলেদের ধাওয়া করেন। সেই মুহূর্তে জেলেদের পাল্টা ধাওয়ার মুখে নৌ পুলিশের স্পিডবোটটি ভারসাম্য হারিয়ে উল্টে ডুবে যায়। পুলিশ সদস্যরা দ্রুত সাঁতরে নিজেদের জীবন রক্ষা করতে সক্ষম হলেও তাদের ব্যবহৃত একটি শটগান নদীতে তলিয়ে যায়।
ঘটনার খবর পাওয়ার পরপরই চাঁদপুর থেকে নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন।
সৈয়দ মুশফিকুর রহমান মুক্তকণ্ঠকে বলেন, “মা ইলিশ রক্ষা অভিযানে মেঘনা নদীর ছটাকী এলাকায় জেলেদের ধাওয়ায় নৌ পুলিশের একটি স্পিডবোট উল্টে ডুবে গেছে। পুলিশ সদস্য প্রাণে রক্ষা পেয়েছেন। স্পিডবোটটিও উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের একটি শটগান নদীতে ডুবে গেছে। শটগান উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা করছে। এ ঘটনায় জড়িত দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”