সিলেট নগরের কাস্টঘর এলাকায় স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় হৃদয় কুমার হরিজন (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে নগরের সুইপার কলোনির কাস্টঘর এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটে।

নিহত হৃদয় কুমার সিলেট সিটি করপোরেশনের একজন পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক।

নিহতের স্বজনদের অভিযোগ, হৃদয়ের স্ত্রীর ছবি তোলার বিষয়ে তিনি প্রতিবাদ জানিয়েছিলেন, আর সেই কারণেই আমিন নামের এক ব্যক্তি ও তার সহযোগীরা মিলে তাকে হত্যা করেছে।

প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যানুসারে, ঘটনার সময় কাস্টঘর এলাকায় হৃদয়ের স্ত্রী পিংকী রানীর ছবি তুলছিলেন আমিন নামের এক ব্যক্তি। বিষয়টি হৃদয়ের নজরে এলে তিনি এর তীব্র প্রতিবাদ জানান। এই ঘটনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আমিন ফোন করে আরও কয়েকজনকে ঘটনাস্থলে ডেকে আনেন। এরপর তারা সবাই মিলে হৃদয়কে ছুরিকাঘাত করেন, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হৃদয়ের ছোট ভাই অজয় কুমার হরিজন অভিযোগ করে জানান, “আমিনসহ কয়েকজন মিলে তার ভাইকে হত্যা করেছে। ভাবির ছবি তোলার প্রতিবাদ করায় এই ঘটনা ঘটেছে।”

এদিকে, এই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে মুক্তকণ্ঠকে জানিয়েছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. মাইনুল জাকির। তিনি বলেন, “দ্রুতই আসামিদের আইনের আওতায় নিয়ে আসা হবে।”