সুন্দর, নিখুঁত এবং ঝলমলে ত্বক পাওয়ার আকাঙ্ক্ষা আমাদের সবারই থাকে। এই লক্ষ্য অর্জনে অনেকেই বিভিন্ন দামী স্কিনকেয়ার প্রোডাক্ট ব্যবহার করে থাকেন, তবে অনেক ক্ষেত্রে আশানুরূপ ফলাফল পাওয়া যায় না। এই কারণে বর্তমানে অনেকেই রাসায়নিক পণ্যের পরিবর্তে ভেষজ উপাদানের প্রাকৃতিক যত্নের দিকে বেশি ঝুঁকছেন।
ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে কাঁচা হলুদ এবং মেথির মিশ্রণ অনেকটা ম্যাজিকের মতো কাজ করতে পারে। তবে অনেকের মনেই প্রশ্ন জাগে, কাঁচা হলুদ ও মেথি জল পান করলে কি সত্যিই কার্যকর ফলাফল পাওয়া যায়? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সকালে কাঁচা হলুদ ও মেথি জল পানের বিস্ময়কর উপকারিতা সম্পর্কে।
ত্বকের উজ্জ্বলতায় কাঁচা হলুদের পানীয়
রূপচর্চায় কাঁচা হলুদের ব্যবহার অত্যন্ত প্রাচীন। বিয়ের আগের গায়েহলুদ অনুষ্ঠান থেকে শুরু করে সর্দি-কাশির চিকিৎসায় গরম দুধের সঙ্গে হলুদের ব্যবহার—সবখানেই এর ব্যাপক কদর রয়েছে। বর্তমানে অনেকের মধ্যে সকালে ঘুম থেকে উঠে হলুদ মেশানো পানি পান করার প্রবণতা বাড়ছে। তবে প্রশ্ন হলো, হলুদ মেশানো পানি খেলে কি আসলেই কোনো উপকার পাওয়া যায়?
হলুদের প্রধান সক্রিয় উপাদান হলো 'কারকিউমিন', যাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ বিদ্যমান। এটি রাতারাতি ত্বক পরিবর্তন করার কোনো জাদুকরী ক্ষমতা না রাখলেও, ত্বকের উজ্জ্বলতা বাড়াতে অত্যন্ত কার্যকরী। এটি ভেতর থেকে ত্বককে সুস্থ রাখতে সহায়তা করে। নিয়মিত হলুদ মেশানো পানি পান করলে শরীরের ক্লান্তি ভাব দূর হয় এবং ব্রণের সমস্যা কমাতেও সাহায্য করে।
এর প্রভাব কেবল সরাসরি ত্বকের ওপরই সীমাবদ্ধ নয়। সকালে স্বাস্থ্যকর পানীয় দিয়ে দিন শুরু করলে সারাদিন সচেতন থাকার একটি মানসিকতা তৈরি হয়, যা পরোক্ষভাবে ত্বকের স্বাস্থ্যের জন্য ইতিবাচক প্রভাব ফেলে।
কীভাবে হলুদ জল তৈরি করবেন?
এক গ্লাস কুসুম গরম পানিতে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো মিশিয়ে নিন। ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে পান করুন। এছাড়া চাইলে সরাসরি কাঁচা হলুদ পেস্ট করে চিপে রস বের করে নিতে পারেন। সেক্ষেত্রে পানির পরিমাণ অনুযায়ী হাফ চা চামচের মতো হলুদের রস মিশিয়ে নেওয়া যেতে পারে।
পানীয়টির স্বাদ বাড়াতে এর সঙ্গে সামান্য লেবুর রস, মধু এবং এক চিমটি গোলমরিচ মিশিয়ে নেওয়া যেতে পারে। গোলমরিচ শরীরকে হলুদ শোষণ করতে সাহায্য করে। তবে মনে রাখা প্রয়োজন, মাত্রাতিরিক্ত হলুদ জল পান করলে অ্যাসিডিটির সমস্যা হতে পারে।
ত্বকের উজ্জ্বলতায় মেথি পানীয়
চুল কিংবা ত্বকের যত্নে মেথি যে কতটা কার্যকর, তা আমরা অনেকেই জানি। তবে নিয়মিত মেথি জল পান করলে ত্বক ঝলমলে হয়ে ওঠে, এই তথ্যটি অনেকেরই অজানা। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত মেথি ভেজানো পানি পান করলে ব্রণের সমস্যা কমে এবং ত্বক পরিষ্কার হয়ে ভেতর থেকে একটি ন্যাচারাল গ্লো বা প্রাকৃতিক উজ্জ্বলতা চলে আসে।
এটি কীভাবে কাজ করে?
• ব্রণ দূর করে: মেথিতে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ত্বকের লালচে ভাব ও ফোলাভাব কমিয়ে ব্রণ দূর করতে সাহায্য করে। এটি শরীরের ভেতরের টক্সিন বা ক্ষতিকারক উপাদান বের করে দিয়ে ত্বক পরিষ্কার রাখে।
• দাগহীন ও উজ্জ্বল ত্বক: নিয়মিত এই পানি পান করলে রোদে পোড়া দাগ দূর হয়ে ত্বক আরও উজ্জ্বল হয়ে ওঠে।
• বয়সের ছাপ কমায়: মেথিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি ত্বকের কোলাজেন উৎপাদন বাড়িয়ে বয়সের ছাপ কমাতে সাহায্য করে।
• ত্বকের আর্দ্রতা ধরে রাখে: এটি ভেতর থেকে ত্বককে হাইড্রেটেড রাখে, যার ফলে ত্বক মসৃণ ও কোমল থাকে।
মেথি জল কীভাবে বানাবেন?
এক কাপ পানিতে এক চা চামচ মেথি দানা সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে সেই পানি ছেঁকে পান করুন। আপনি চাইলে এই মেথি ভেজানো জলের সঙ্গে কিছুটা কাঁচা হলুদের রস অথবা এক টুকরা থেঁতো করা কাঁচা হলুদ মিশিয়ে সামান্য ফুটিয়ে বা হালকা গরম করে নিতে পারেন। প্রতিদিন সকালে খালি পেটে এই হালকা গরম পানীয়টি পান করুন।
এছাড়া ভেজানো মেথি ব্লেন্ড করে ফেসপ্যাক হিসেবেও ত্বকে ব্যবহার করা যেতে পারে।
কাঁচা হলুদ ও মেথি জল খেলেই কি ত্বক উজ্জ্বল হবে?
এটি একটি ভুল ধারণা। ত্বক সুন্দর রাখতে এই পানীয়টি এককভাবে ভূমিকা রাখতে পারে না। এর পাশাপাশি প্রতিদিনের জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে। নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়া, অতিরিক্ত তেল-মসলাযুক্ত খাবার বাদ দিয়ে স্বাস্থ্যকর উপায়ে রান্না করা এবং প্রচুর পানি পান করার অভ্যাস গড়ে তুলতে হবে। রোদে বের হলে সানস্ক্রিন বা ছাতা ব্যবহার করা জরুরি।
মনে রাখতে হবে, কাঁচা হলুদ বা মেথি জল কোনো জাদুকরী ওষুধ নয়। বরং পর্যাপ্ত ঘুম, সুষম খাবার এবং ত্বকের নিয়মিত যত্নের পাশাপাশি এটি জীবনযাত্রার একটি অংশ হিসেবে বেশ ভালো কাজ করে।