বিশ্বজুড়ে জনপ্রিয় স্পাই ফ্র্যাঞ্চাইজি জেমস বন্ডের পরবর্তী নায়ক কে হবেন, তা নিয়ে বর্তমানে ব্যাপক জল্পনা চলছে। সম্ভাব্য অভিনেতাদের তালিকায় ব্রিটিশ তারকা জ্যাক লোডেনের নাম উঠে আসায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে স্বামীর এই সম্ভাব্য ভূমিকা নিয়ে যতটা না আগ্রহী, তার চেয়ে অনেক বেশি আগ্রহী তাঁর স্ত্রী, আইরিশ অভিনেত্রী সার্শা রোনান। তবে তিনি বন্ডের পাশে নায়িকা হিসেবে নয়, বরং একজন খলনায়িকা হিসেবে পর্দায় আসতে চান। স্বামী জ্যাক লোডেন শেষ পর্যন্ত বন্ডের পোশাক পরবেন কি না, তা নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছেন না রোনান। বরং অভিনয়ের ক্ষেত্রে নতুন ও চ্যালেঞ্জিং কোনো চরিত্রের সন্ধান করছেন তিনি। দীর্ঘদিনের পরিচিত ইতিবাচক বা সহজ চরিত্রের বাইরে গিয়ে এবার পর্দায় আরও জটিল ও রহস্যময় নারী চরিত্র ফুটিয়ে তুলতে আগ্রহী এই অভিনেত্রী।

সংসারে বন্ড নিয়ে আলোচনা নেই
সিনেমা জগতের গুঞ্জন অনুযায়ী, জনপ্রিয় সিরিজ 'স্লো হর্সেস'-এর অভিনেতা জ্যাক লোডেন জেমস বন্ডের সম্ভাব্য উত্তরসূরিদের তালিকায় রয়েছেন। সম্প্রতি অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিষয়ে প্রশ্ন করা হলে সার্শা রোনান জানান, তাঁদের ব্যক্তিগত জীবনে এই বিষয়টি নিয়ে তেমন কোনো আলোচনা হয় না। রোনানের ভাষায়, “সত্যি বলতে, আমাদের বাড়িতে বিষয়টি নিয়ে তেমন কথা হয় না। দুজনেই কাজ নিয়ে ব্যস্ত থাকি তাই বাড়ি ফিরে পারতপক্ষে কাজ নিয়ে আলাপ তুলি না। কুকুরকে হাঁটাতে নিয়ে যাই, রাতের খাবার তৈরি করি; ঘরে সিনেমা প্রসঙ্গ আসে না।”

জ্যাক লোডেনের নাম আলোচনায় আসার পেছনে বড় ভূমিকা রয়েছে তাঁর সহ-অভিনেতা গ্যারি ওল্ডম্যানের। গত মাসে কানাডার একটি টেলিভিশন অনুষ্ঠানে কথা বলার সময় ওল্ডম্যান দাবি করেছিলেন যে, বন্ডের সম্ভাব্য অভিনেতাদের সংক্ষিপ্ত তালিকায় লোডেনের নাম রয়েছে। এমনকি তিনি মন্তব্য করেছিলেন যে, নতুন বন্ড নির্বাচন প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। লোডেনের জন্য শুভকামনা জানালেও পরবর্তীতে ওল্ডম্যান তাঁর এই বক্তব্য থেকে কিছুটা সরে আসেন। অন্যদিকে, অ্যামাজন এমজিএম স্টুডিওসও এই বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

‘আমি অন্ধকারে ডুব দিতে চাই’
স্বামীর বন্ড হওয়ার জল্পনায় খুব একটা আগ্রহ না দেখালেও, এই ফ্র্যাঞ্চাইজিতে নিজের সম্ভাব্য উপস্থিতি নিয়ে বেশ সিরিয়াস সার্শা রোনান। তবে তিনি নিজেকে একজন ভিলেন বা খলনায়িকা হিসেবেই দেখতে চান। এম্পায়ার সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি অন্ধকারে ডুব দিতে চাই।” বন্ডের খলনায়িকা হওয়ার তীব্র ইচ্ছার কথা জানিয়ে রোনান আরও বলেন, “আমি বলেছিলাম, বন্ডের খলনায়িকা হতে চাই। কথাটা আমি একেবারেই সিরিয়াসলি বলেছি।”

এতদিন দর্শকরা রোনানকে যেসব চরিত্রে দেখেছেন, তার অধিকাংশ ছিল অত্যন্ত জটিল ও গম্ভীর। 'লেডি বার্ড', 'লিটল উইমেন' এবং 'দ্য আউটরান'-এর মতো সিরিয়াস সিনেমাগুলোতে দুর্দান্ত অভিনয়ের পর এবার কিছুটা ভিন্ন স্বাদের কাজ করতে চান চারবারের অস্কার মনোনীত এই অভিনেত্রী।

খলনায়িকার প্রস্তুতি ‘ব্যাড অ্যাপলস’-এ
রোনানের আসন্ন সিনেমা 'ব্যাড অ্যাপলস'-এও তাঁকে এক ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবে। এই সিনেমায় তিনি মারিয়া নামের একজন শিক্ষিকার ভূমিকায় অভিনয় করেছেন। গল্পের মোড় এমন এক পর্যায়ে যায় যে, এক অবাধ্য শিক্ষার্থীকে সামলাতে গিয়ে মারিয়া শেষ পর্যন্ত তাকে নিজের বাড়ির বেজমেন্টে আটকে রাখেন। এই চরিত্রটি সম্পর্কে রোনানের ব্যাখ্যা, এখানে ভালো এবং মন্দের সীমারেখা খুব একটা স্পষ্ট নয়, যা তাঁর খলনায়িকা হওয়ার প্রস্তুতিরই একটি অংশ বলে মনে করা হচ্ছে।

ব্যক্তিগত জীবনে সার্শা রোনান ও জ্যাক লোডেন ২০২৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। গত বছর তাঁদের প্রথম সন্তানের জন্ম হয়। বর্তমানে রোনান নির্মাতা স্যাম মেন্ডেসের বিটলস কেন্দ্রিক চারটি সিনেমার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন, যেখানে তিনি লিন্ডা ম্যাককার্টনির চরিত্রে অভিনয় করছেন। স্বামীর বন্ড হওয়ার গুঞ্জন শেষ পর্যন্ত সত্যি হবে কি না, তা সময়ই বলে দেবে। তবে রোনানের লক্ষ্য এখন স্পষ্ট—সুযোগ মিললে তিনি বন্ডের দুনিয়ায় এমন এক চরিত্র হয়ে প্রবেশ করতে চান, যাকে দেখে দর্শক ভয় পাবে এবং একইসাথে যার রাগ ও মনস্তত্ত্ব বুঝতে আগ্রহী হবে।