পূর্ব আফ্রিকার জিবুতি উপকূলে এক ভয়াবহ নৌকাডুবির ঘটনায় অন্তত ১৩৯ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে ১৫টি শিশু রয়েছে বলে জানা গেছে। জাতিসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে, এই মর্মান্তিক দুর্ঘটনায় এখনও ৮৪ জন নিখোঁজ রয়েছেন।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) গতকাল রোববার এক বিবৃতিতে বেঁচে যাওয়া ব্যক্তিদের বরাত দিয়ে জানায়, গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যবর্তী সময়ে জিবুতির পূর্ব উপকূলের গুহেরে এলাকার নিকটবর্তী জলসীমায় এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাস্থলটি এডেন উপসাগরে অবস্থিত বাব আল-মানদেব প্রণালির খুব কাছাকাছি।
জানা গেছে, ৩০০ জনেরও বেশি মানুষ নিয়ে নৌকাটি পূর্ব আফ্রিকার দেশ জিবুতি থেকে ইয়েমেনের দিকে যাচ্ছিল। নৌকাটি ডুবে যাওয়ার পর ৮০ জনেরও বেশি মানুষকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিরা সবাই ইথিওপিয়ার নাগরিক বলে জানা গেছে। বর্তমানে জিবুতি কর্তৃপক্ষ ওই এলাকায় অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে।
জিবুতিতে আইওএম-এর মিশনপ্রধান আলেক্সান্দ্রে কোইসাক এত বিপুল সংখ্যক মানুষের প্রাণহানিতে গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘জরুরি সহায়তা দিতে আমাদের দলগুলো স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘটনাস্থলে কাজ করছে।’
আলেক্সান্দ্রে কোইসাক আরও জানান, মৃতের এই সংখ্যায় শুধুমাত্র জিবুতি কর্তৃপক্ষ যাঁদের কবর দিয়েছে, তাঁদের অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিবাসনপ্রত্যাশীরা নিজেদের উদ্যোগে আরও কয়েকজনকে কবর দিয়েছেন। কর্তৃপক্ষ সেই মরদেহের বিষয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত সরকারি হিসাবে তাঁদের নাম অন্তর্ভুক্ত করা হবে না।
ভৌগোলিক দিক থেকে জিবুতি ও ইয়েমেনের মধ্যবর্তী বাব আল-মানদেব প্রণালির সবচেয়ে সরু অংশটি মাত্র ২০ কিলোমিটার প্রশস্ত। হর্ন অব আফ্রিকা অঞ্চল থেকে আসা হাজার হাজার অভিবাসনপ্রত্যাশীর কাছে ইয়েমেনে পৌঁছানোর জন্য এই পথটি অত্যন্ত জনপ্রিয়, যদিও এটি অত্যন্ত বিপজ্জনক হিসেবে পরিচিত।
সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ এবং গত মাসে ইয়েমেনে সরকারি বাহিনী ও হুতি যোদ্ধাদের মধ্যে পুনরায় তীব্র লড়াই শুরু হওয়ায় এই অঞ্চলটিতে অস্থিতিশীলতা বহুগুণ বেড়ে গেছে। তা সত্ত্বেও উপসাগরীয় দেশগুলোতে কাজ এবং নিরাপত্তার আশায় অনেকে এই ঝুঁকিপূর্ণ যাত্রায় পা বাড়াচ্ছেন।
আইওএম-এর তথ্য অনুযায়ী, গত ১০ সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত ইথিওপিয়া থেকে জিবুতিতে ‘২০ হাজারের বেশি মানুষের আগমন’ তারা নথিভুক্ত করেছে। সংস্থাটির হিসাব মতে, গত বছর পাঁচ লাখের বেশি মানুষ এই পথ ধরে ইয়েমেনে যাওয়ার চেষ্টা করেছিলেন। তাঁদের মধ্যে অন্তত ৯০০ জন মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন।
তবে বর্তমানে কেবল জিবুতি থেকে অভিবাসীরা ইয়েমেনে যাচ্ছেন না; ইয়েমেনে নতুন করে সংঘাত শুরু হওয়ায় সেখান থেকেও কয়েক হাজার মানুষ এই পথ ধরে পালিয়ে জিবুতিতে আশ্রয় নিয়েছেন।