রাজশাহী মহানগরীর একটি আবাসিক বাড়ি থেকে বেলী রানী (৭০) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত পৌনে ১২টার দিকে নগরের কেদুর মোড় এলাকায় অবস্থিত ‘বেলী ভিলা’ নামক দোতলা বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।

ঘটনা প্রসঙ্গে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী বলেন, “নিহত নারীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে তাঁকে হত্যা করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির গৃহকর্মীসহ তিনজনকে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলী রানী ওই বাড়ির দ্বিতীয় তলায় একা বসবাস করতেন। বাড়ির নিচতলায় ভাড়াটিয়াদের আবাস ছিল। গত দুই থেকে তিন দিন ধরে তাঁকে বাড়ির বাইরে দেখা যায়নি। রোববার প্রতিবেশীরা তাঁর খোঁজ নিতে গিয়ে ঘর থেকে তীব্র দুর্গন্ধ পান। এরপর তাঁরা দ্রুত পুলিশকে বিষয়টি অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরের ভেতর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।

ওই বাড়ির একজন ভাড়াটিয়া মো. মারুফ জানান, গত শুক্রবার বৃদ্ধাকে শেষবারের মতো দেখা গিয়েছিল। এরপর থেকে তাঁর কক্ষের দরজা তালাবদ্ধ ছিল। তাঁরা ধারণা করেছিলেন, তিনি হয়তো কোনো আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেছেন।

পুলিশি তথ্যানুসারে, বেলী রানী ওই এলাকার মৃত ফখরুদ্দীনের স্ত্রী। তাঁর চার সন্তানের মধ্যে এক মেয়ে ও দুই ছেলে বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। অপর ছেলে ঢাকায় থাকেন। স্বামীর মৃত্যুর পর থেকে তিনি ওই বাড়িতে একাই জীবনযাপন করছিলেন।

ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ওসি জানিয়েছেন, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।