কুমিল্লার আলোচিত জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডের ঘটনায় তার কথিত প্রেমিক রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) কক্সবাজার শহরের কলাতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাগর। আটকের পর রাজুকে কক্সবাজার থানায় নিয়ে যাওয়া হয়।

রাজুকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

পুলিশ সূত্রে জানা গেছে, সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাজমিনের এই হত্যাকাণ্ডের তদন্ত প্রক্রিয়ায় তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়া হয়। ডিজিটাল অনুসন্ধান ও সংগৃহীত তথ্যের ভিত্তিতেই রাজুর সংশ্লিষ্টতার বিষয়টি সামনে আসে এবং তাকে গ্রেপ্তারের পদক্ষেপ নেওয়া হয়।

তবে রাজুকে সরাসরি হত্যার অভিযোগে নয়, বরং নিহত কিশোরীকে প্ররোচনার মাধ্যমে বিপথগামী করার অভিযোগে আটক করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) অর্ণব।

তদন্ত কর্মকর্তা অর্ণব বলেন, “এ হত্যাকাণ্ডের সঙ্গে রাজুর জড়িত থাকার তথ্য প্রাথমিকভাবে আমরা পাইনি। কিন্তু যখন কোনো হত্যাকাণ্ড ঘটে, তার নানা দিক থাকে। সেসব বিবেচনায় ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে। তাছাড়া একজন নাবালিকাকে সে যেভাবে কক্সবাজার এনে বিপদে ফেলেছে, সেটিও আইনের চোখে স্বাভাবিক নয়।”

এর আগে রোববার সন্ধ্যায় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তাজমিনের বিষয়ে কিছু চাঞ্চল্যকর দাবি করেন রাজু। তার দাবি অনুযায়ী, রাতে তাজমিন যখন কুমিল্লা শহরের নিজ বাসায় পৌঁছান, তখন তিনি প্রধান ফটক বন্ধ দেখতে পান। এরপর মা-বাবাকে ফোন করেও কোনো সাড়া না পেয়ে বিষয়টি রাজুকে জানান তাজমিন।

রাজুর ভাষ্যমতে, বাসায় ঢুকতে না পেরে তাজমিন পরবর্তীতে এক বন্ধুর সঙ্গে যোগাযোগ করেন। পরদিন সকালে বাসায় ফিরে যাওয়ার কথা জানালে রাজু তাকে ভিডিও কল করেন। সেই ভিডিও কলে তাজমিনকে একটি সিএনজিচালিত অটোরিকশায় বসে থাকতে দেখেন তিনি। পরে এই বিষয়টি নিয়ে তিনি তাজমিনকে বকাঝকা করেছিলেন বলে দাবি করেন ওই ব্যক্তি।