গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাড়ি পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে ইটভাটায় পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এই ন্যাক্কারজনক ঘটনার পর অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) বিকেলে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুরুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, এর আগে শনিবার (১০ অক্টোবর) রাতে অভিযুক্তদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—উপজেলার বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের মো. আলমের ছেলে সৈকত (২৮) এবং কচুয়া ইউনিয়নের উল্লা সোনাতলা (হাজীপাড়া) গ্রামের মো. বাদল মিয়ার ছেলে মোহাম্মদ মুস্তাকিম (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী (২১) উপজেলার টেপা পদুমশহর গ্রামের সিদ্দিক ব্যাপারীর মেয়ে এবং এক সন্তানের জননী। গত শনিবার তিনি গোবিন্দগঞ্জে বোনের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে বোনারপাড়া এলাকায় পৌঁছালে বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের সৈকতের সঙ্গে তার দেখা হয়। সৈকত তাকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে একটি ভ্যানে তোলে। সেই সময় ভ্যানচালক মুস্তাকিমও তাদের সঙ্গে ছিলেন বলে জানা গেছে।

পরবর্তীতে শনিবার রাত আনুমানিক ১০টার দিকে বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা এলাকার একটি পরিত্যক্ত ইটভাটার নির্জন স্থানে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে দুই যুবক তাকে পালাক্রমে ধর্ষণ করেন। এই সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্ত দুজনকে ধরে ফেলেন। পরবর্তীতে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় সাঘাটা থানায় মামলা দায়ের করা হয়েছে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুরুল হুদা বলেন, “গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া ভুক্তভোগীকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”