টিকিট না কেটেই ট্রেনে ভ্রমণ করেছিলেন এক যাত্রী। তবে পরবর্তীতে সেই যাত্রার ভাড়া পরিশোধ করার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। বগুড়া রেলস্টেশনের টিকিট কাউন্টারে ৩০ টাকা এবং একটি হাতে লেখা চিরকুট রেখে গেছেন ওই যাত্রী। চিরকুটে নিজের নাম মাহী উল্লেখ করে তিনি টিকিট না কাটার কারণ বিস্তারিতভাবে জানিয়েছেন।

গত শনিবার (১০ অক্টোবর) বগুড়া রেলস্টেশনের টিকিট কাউন্টারে এই টাকা ও চিরকুটটি পাওয়া যায়।

চিঠিতে মাহী লিখেছেন, ‘আমি মাহী, গত ৭ অক্টোবর সান্তাহার যাই। যাওয়ার সময় তাড়াহুড়ার জন্য টিকিট কাটার সময় পাইনি। তবে ফিরে আসার সময় টিকিট কাটছি। তাই এই ৩০ টাকা রেখে যাচ্ছি।’

এই ঘটনার বিষয়ে বগুড়া রেলস্টেশনের স্টেশনমাস্টার সাজেদুর রহমান বলেন, “যাত্রীদের এ ধরনের সচেতনতা প্রশংসার দাবিদার। তবে রেলস্টেশনে এলে পর্যাপ্ত সময় হাতে নিয়ে আসা উচিত।”

তিনি আরও উল্লেখ করেন যে, যিনি এভাবে চিরকুট ও টাকা রেখে গেছেন, তিনি যদি নিজের পরিচয় স্পষ্টভাবে জানাতেন তবে তাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানানো সম্ভব হতো।