সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী এক মা ও তাঁর ৯ মাস বয়সী কন্যা সন্তান নিহত হয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট সদর উপজেলার কাকয়ার পাড় এলাকায় কেওয়াছড়া সেতুর পাশে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত দুই নারীর পরিচয় পাওয়া গেছে। তাঁরা সিলেট নগরের শাহপরান এলাকার বাসিন্দা সুমাইয়া সিদ্দিকা তানিয়া এবং তাঁর ৯ মাস বয়সী কন্যা ইনায়া জান্নাত।
ঘটনাটি সম্পর্কে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান জানান, "সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের কাকয়ার পাড় এলাকায় সাদাপাথর পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী মা ও মেয়ে নিহত হন।"
ওসি আরও জানান, "নিহত দুজনের মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।"