সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত হওয়ায় ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইটের চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্থগিত করা ফ্লাইট দুটি হলো, বিজি-৩৩৯ ও বিজি-৩৪০। এসব ফ্লাইটে যাদের বুকিং রয়েছে, তাদের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দিয়েছে বিমান কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্লাইট দুটি পুনরায় চালু বা পুনর্নির্ধারণের বিষয়ে বিস্তারিত তথ্য রোববার (১১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে জানানো হবে। পরিস্থিতি পর্যালোচনা করছে বিমান কর্তৃপক্ষ।
ফ্লাইট স্থগিতের কারণে যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের যে অসুবিধা হচ্ছে, সে জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত যাত্রীদের তাৎক্ষণিক সহায়তার জন্য বিমানের কল সেন্টারে যোগাযোগ অথবা নিকটস্থ বিক্রয় অফিসে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এ বিষয়ে পরবর্তী হালনাগাদ তথ্য বিমানের আনুষ্ঠানিক ওয়েবসাইট ও অন্যান্য যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।