বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে তাকে সেখানে সমাহিত করা হয়।
এর আগে বেলা সাড়ে ৩টার দিকে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। দুপুর আড়াইটার দিকে তার মরদেহ সেখানে আনা হয়। এই জানাজায় বন্ধু, স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত হয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান।
পারিবারিক ও ব্যক্তিগত সফরে লন্ডনে অবস্থান করছিলেন তৌফিক ইমরোজ খালিদী। গত ১ অক্টোবর রাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে সেন্ট বার্থোলোমিউস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন স্থানীয় সময় দুপুর ২টা ২৩ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।
গত ৮ অক্টোবর জোহরের নামাজের পর পূর্ব লন্ডনের ব্রিকলেইন মসজিদে তার জানাজা সম্পন্ন হয়। সেখানে তার সাবেক সহকর্মী এবং স্থানীয় বাংলাদেশি সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত থেকে তাকে শেষ শ্রদ্ধা জানান।
শনিবার বেলা ১১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দর থেকে তার মরদেহ কফিনে করে তার কর্মস্থল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কার্যালয়ে নেওয়া হয়। দুপুর ১২টা থেকে ১২টা ২০ মিনিট পর্যন্ত মরদেহ সেখানে রাখা হয়। এরপর তাকে বাসায় নেওয়া হলে পরিবারের সদস্য ও স্বজনরা শেষবারের মতো তার সাথে দেখা করেন।
তিন দশকেরও বেশি সময়ের দীর্ঘ পেশাজীবনে তৌফিক ইমরোজ খালিদী দেশি ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া ২০০০ সালের ফেব্রুয়ারি থেকে ২০০৫ সালের জুন পর্যন্ত তিনি লন্ডনে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে কাজ করেন। এর আগে বাংলাদেশের ইংরেজি দৈনিক ডেইলি স্টার ও দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি।