নিজের বাগানে গাছের ডাল কাটতে গিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জিন্নাত আলী (৬০) নামের এক বৃদ্ধ। গাছের একটি ডাল হঠাৎ তার মাথার ওপর আছড়ে পড়লে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গত শনিবার (১০ অক্টোবর) দুপুর ৩টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের পূর্বপাড়ার মাঠে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত জিন্নাত আলী ওই গ্রামেরই মৃত মতিয়ার রহমানের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, জিন্নাত আলী তার নিজস্ব বাগানে আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে গাছের ডাল কাটার কাজ করছিলেন। সেই সময় অসাবধানতাবশত একটি বড় ডাল সরাসরি তার মাথার ওপর পড়ে। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। উপস্থিত স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বামন্দীর একটি স্থানীয় ক্লিনিকে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনার বিষয়ে গাংনী থানার ওসি নমুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী মুক্তকণ্ঠকে বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। খোঁজখবর নিয়ে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।”