নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী (রোটন) আর নেই। আজ শনিবার সকালে কলকাতার কসবা এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দুজন সংসদ সদস্যের সূত্রে জানা গেছে, মাহফুজুল হায়দার দীর্ঘ দিন ধরে পাকস্থলীর ক্যানসারে আক্রান্ত হয়ে লড়াই করছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর মাহফুজুল হায়দার চৌধুরী ভারতে চলে যান। সেখানে তাঁর ক্যানসার শনাক্ত হলে প্রথমে চেন্নাইয়ে চিকিৎসা শুরু হয়। পরবর্তীতে তাঁকে কলকাতায় স্থানান্তর করা হয় এবং সেখানকার রুবি জেনারেল হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল।
মাহফুজুল হায়দার চৌধুরী ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ছাত্রলীগের (এখন নিষিদ্ধ) কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী ছিলেন।
প্রয়াত নেতার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি তাঁর মৃত্যুবেলায় স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।