দুই দফায় এক নারীকে ধর্ষণের অভিযোগে আদালতে হাজির হওয়ার পর ইংলিশ কাউন্টি ক্লাব এসেক্স জানিয়েছে, তাদের ব্যাটসম্যান রবিন দাস এখন আর ক্লাবের সঙ্গে যুক্ত নন। ২৪ বছর বয়সী রবিনের জন্ম লন্ডনে। তবে তাঁর বাবা বাংলাদেশি, বাড়ি সুনামগঞ্জে। ২০২২–২৩ বিপিএলে ঢাকা ডমিনেটরসের হয়ে ২ ম্যাচ খেলেছেন।
গত জুলাইয়ে রবিনের বিরুদ্ধে দুটি ধর্ষণের অভিযোগ আনা হয়। মেট্রোপলিটন পুলিশ জানায়, ২০২৪ সালের মার্চ মাসে ব্রিকস্টনে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন—এমন অভিযোগ পাওয়ার পর ২০২৫ সালের আগস্ট মাসে রবিনকে গ্রেপ্তার করা হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার ইনার লন্ডন ক্রাউন কোর্টের কাঠগড়ায় হাজির করা হয় রবিনকে। ২০২৮ সালের জানুয়ারি মাসে পাঁচ দিনব্যাপী বিচারকাজ শুরুর আগে তাঁকে শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে।
চলতি মৌসুমে এসেক্সের মূল দলে মাত্র একটি ম্যাচ খেলেছেন রবিন। গত ২১ জুলাই মিডলসেক্সের বিপক্ষে মেট্রো ব্যাংক ওয়ানডে কাপ ম্যাচে ২৯ রান করেন। এরপর ক্লাবটি নিশ্চিত করেছে যে রবিনের সঙ্গে তাদের চুক্তি আর নেই। এসেক্সের হয়ে মোট ৬০টি ম্যাচ খেলেছেন রবিন।
গতকাল এসেক্সের বিবৃতিতে বলা হয়, ‘রবিন দাসকে নিয়ে আজকের (গতকাল) আদালত কার্যক্রম সম্পর্কে অবগত আছে এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব। ক্লাব বিষয়টির গুরুত্ব উপলব্ধি করছে এবং এই মামলার পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে আর কোনো মন্তব্য করবে না।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘সাসপেনশন (স্থগিতাদেশ) এবং এর ফলে খেলার বাধ্যবাধকতা পূরণে তাঁর অনুপস্থিতির কারণে ২০২৬ মৌসুম শেষ হওয়ার আগেই এসেক্সের সঙ্গে দাসের খেলার চুক্তি শেষ হয়ে যায়। এ সিদ্ধান্ত চলমান আইনি প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত ছিল না।’
বিবিসি জানিয়েছে, পুলিশি অভিযোগ গঠনের পর চেলমসফোর্ডভিত্তিক ক্লাবটি তাঁকে সাময়িক বরখাস্ত করে এবং মৌসুম শেষে তাঁর চুক্তি নবায়ন করেনি। ক্লাবটি এর আগে জানিয়েছিল, কথিত ধর্ষণগুলো ‘ক্লাবের কার্যক্রমের বাইরে সংঘটিত হয়েছে।’