ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে অবমাননা করার ঘটনার পাঁচ দিন পর সেখানে পুনরায় হাজির হলেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকর্মী। তারা জুতা পায়েই ভাস্কর্যে উঠে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন।

শনিবার (১১ অক্টোবর) সকালে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এই কর্মসূচিটি পালন করা হয়।

এর আগে ওই ভাস্কর্যে জুতার মালা ঝোলানোর ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনার পেছনে অন্য কারও সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখতে জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, চার ব্যক্তি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যের ওপর জুতা পায়ে উঠে ফুলের মালা পরিয়ে দিচ্ছেন। এরপর তারা ভাস্কর্যের বেদিতে ফুলের ডালি রেখে শ্রদ্ধা জানান। এই পুরো প্রক্রিয়ার সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। কর্মসূচি শেষ করেই তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

প্রাপ্ত তথ্যানুযায়ী, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্দেশনায় এবং ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-ইমরানের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়েছে। তবে কর্মসূচিতে অংশগ্রহণকারী চার ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, এর আগে একই ভাস্কর্যের মাথায় রশি দিয়ে বাঁধা জুতার মালার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এই ঘটনায় জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। মুক্তিযুদ্ধের অন্যতম বীরশ্রেষ্ঠের স্মৃতির প্রতি এমন চরম অবমাননাকর আচরণের প্রতিবাদ জানান বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ। ঘটনার পরপরই জেলা প্রশাসন ও পুলিশ তদন্ত শুরু করে।

সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার দিন রাতে শহরের কাঞ্চননগর এলাকা থেকে আব্দুর রহমান সম্রাট নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওই এলাকার শাহাদত হোসেনের ছেলে।

ঝিনাইদহের পুলিশ সুপার মিঞা মোহাম্মদ আশিস বিন হাছান জানান, সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে সম্রাটকে শনাক্ত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি একাই এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ।

জেলা প্রশাসক মো. নোমান হোসেন বলেন, “মুক্তিযুদ্ধের স্মারক ও বীরশ্রেষ্ঠর প্রতি অবমাননা কোনোভাবেই বরদাশত করা হবে না। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের মাঝের দ্বীপে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের এই ভাস্কর্যটি বর্তমানে নির্মাণাধীন রয়েছে। এই ভাস্কর্যটি নিয়ে এর আগেও নানা আলোচনা ও সমালোচনা হয়েছে। তবে সম্প্রতি জুতার মালা ঝোলানোর ঘটনার পর ছাত্রলীগের নেতাকর্মীদের জুতা পায়ে পুষ্পমাল্য অর্পণের এই কর্মসূচি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।