চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় হাত বাঁধা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ঘাড়ে আঘাত এবং শ্বাসরোধ করে ওই নারীকে হত্যা করা হয়েছে।

গত শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের টেরিয়াইল বহুমুখী উচ্চবিদ্যালয়ের পাশের একটি মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে পৌঁছে অজ্ঞাতপরিচয় হিসেবে মরদেহটি উদ্ধার করে।

পুলিশের ধারণা অনুযায়ী, নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর। মরদেহের হাতে শাঁখা থাকায় তিনি সনাতন ধর্মাবলম্বী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাটি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, “তাকে ঘাড়ে আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহতের নাম-পরিচয় পাওয়া গেছে এবং হত্যাকাণ্ডের ক্লু-ও উদ্ধার করা সম্ভব হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে, রাতে বিস্তারিত জানানো হবে।”