গাড়ির স্টিয়ারিংয়ে জনপ্রিয় নায়িকা, আর পাশের আসনে বসে খালি গলায় গান শোনাচ্ছেন গায়ক—ছুটির দিন শুক্রবারে সিডনির রাস্তায় ঠিক এমনই এক দৃশ্য দেখা গেল। নব্বই দশকের দুই জনপ্রিয় তারকা চিত্রনায়িকা শাবনূর ও সংগীতশিল্পী রবি চৌধুরীর এই মুহূর্তটি প্রমাণ করল, দীর্ঘ সময় পার হয়ে গেলেও তাঁদের সখ্যতা বিন্দুমাত্র মলিন হয়নি। সিডনির রাস্তায় গাড়ি চালাচ্ছিলেন শাবনূর, আর পাশে বসে গান শোনাচ্ছিলেন রবি চৌধুরী। গাড়ির পেছনের আসনে ছিলেন শাবনূরের একমাত্র পুত্র আইজান নেহান। গাড়ি ছুটছিল, গান চলছিল এবং সাথে জমেছিল প্রাণবন্ত আড্ডা। অস্ট্রেলিয়ার সিডনিতে এই দুই তারকার বন্ধুত্বের গভীরতা আবারও ফুটে উঠল।

সম্প্রতি একটি স্টেজ শোতে গান গাইতে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন রবি চৌধুরী। তাঁর আগমনের খবর আগে থেকেই জানতেন শাবনূর। তাই পরিকল্পনা করা ছিল, সময় সুযোগ মিলিয়ে তাঁরা একসঙ্গে শহর ঘুরবেন। শুক্রবার সেই পরিকল্পনা বাস্তবে রূপ নেয়। সিডনির বিভিন্ন মনোরম স্থান রবি চৌধুরীকে ঘুরিয়ে দেখালেন শাবনূর। আর ভ্রমণের পুরোটা সময় গাড়িতে বসে বন্ধুকে গান শোনানোর দায়িত্বটি পালন করলেন রবি চৌধুরী।

গাড়ি চলাকালীন শাবনূরের বিশেষ অনুরোধে তাঁর অত্যন্ত পছন্দের গান ‘যেভাবেই তুমি সকাল দেখো’ গেয়ে শোনান রবি চৌধুরী। পরবর্তীতে গাড়ি থেকে নেমে শাবনূরের অনুরোধেই গেয়ে ওঠেন ‘ভালোবাসি তোমাকে’ সিনেমার সেই জনপ্রিয় গান ‘অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন’। এক সময় যে গানটি পর্দায় রিয়াজ ও শাবনূরের মাধ্যমে দর্শকদের মন জয় করেছিল, এত বছর পর সেই গানের সুর ফিরিয়ে আনল পুরোনো দিনের অমলিন স্মৃতি।

ঘোরাঘুরির ফাঁকে মুক্তকণ্ঠের সঙ্গে আলাপ হয় শাবনূরের। উচ্ছ্বসিত হয়ে তিনি বলেন, ‘অসাধারণ সময় কাটছে। অনেক দিন পর দেখা আমাদের। রবি ভাইয়ের সঙ্গে দারুণ মজা হচ্ছে। আমরা ঘুরছি, আমি গাড়ি চালাচ্ছি আর রবি ভাইয়ের কণ্ঠে গান—দারুণ, দারুণ।’

এরপর শাবনূরের ফোনের মাধ্যমে কথা বলেন রবি চৌধুরী। তাঁদের সম্পর্ক নিয়ে সাধারণ মানুষের মনে যে কৌতূহল থাকে, সে বিষয়ে তিনি বলেন, ‘মানুষজন তো কত কী ভাবে। অথচ আমরা ক্যারিয়ারের শুরুর সময় থেকেই বন্ধু। শাবনূর একজন অসাধারণ অভিনেত্রী, তাঁর সিনেমা যাঁরা দেখেছেন, তাঁরা জানেন। আর বন্ধুত্বের কারণে আমি দেখেছি, কী অসাধারণ একজন মানুষ শাবনূর।’

বন্ধুর এমন প্রশংসায় চুপ থাকেননি শাবনূরও। তিনি বলেন, ‘রবি ভাই ভালো মানুষ না হলে তো আমাদের এত বছরের বন্ধুত্ব টিকত না। বন্ধুত্বের এই সম্পর্কটা টিকে থাকুক সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসায়।’

মজার ব্যাপার হলো, শাবনূর ও রবি চৌধুরীর জন্মদিন একই দিনে—১৭ ডিসেম্বর। এর আগে শাবনূর ঢাকায় অবস্থানকালে রবি চৌধুরীর বাসায় তাঁরা একসঙ্গে জন্মদিন উদ্‌যাপন করেছিলেন। সময়ের আবর্তনে দুজনের জীবনের গতিপথ এবং ঠিকানা বদলে গেলেও তাঁদের বন্ধুত্বের বাঁধন আগের মতোই অটুট রয়েছে।

সামাজিক মাধ্যমে সিডনিতে কাটানো মুহূর্তের ভিডিও প্রকাশ করে শাবনূর লিখেছেন, ‘সিডনিতে প্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরীকে কাছে পেয়ে ফিরে গেলাম ‘ভালোবাসি তোমাকে’ চলচ্চিত্রের সেই মধুর স্মৃতিতে। ছবিটির জনপ্রিয় গান “অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন” যার মূল শিল্পী ছিলেন খালিদ হাসান মিলু ও কনকচাঁপা। প্রিয় রবি চৌধুরীর কণ্ঠে আজ সেই গানটির দুই লাইন শুনে নস্টালজিয়ায় ডুবে গেলাম। বাংলা আধুনিক গানের জনপ্রিয় এই শিল্পীর সঙ্গে সিডনিতে কাটানো সুন্দর মুহূর্তগুলো স্মরণীয় হয়ে থাকবে।’ উল্লেখ্য, ‘ভালোবাসি তোমাকে’ চলচ্চিত্রটির পরিচালক ছিলেন মহম্মদ হান্নান এবং গানটির গীতিকার ও সুরকার ছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।