শুল্ক পরিশোধ করার পরেও বাজারে মাল্টার দাম ৪০০ থেকে ৫০০ টাকায় ওঠা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি স্পষ্টভাবে সতর্ক করে দিয়ে জানান, পবিত্র রমজান মাস কিংবা অন্য কোনো বিশেষ উপলক্ষকে কেন্দ্র করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা অথবা অতিরিক্ত মুনাফা অর্জনের যেকোনো চেষ্টা সরকার বরদাশত করবে না।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত এই সভায় ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ এবং বাজার স্থিতিশীলতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন বাণিজ্যমন্ত্রী।

সভায় তিনি বলেন, “কোন অঞ্চলে কোন সময়ে কোন ফসল উৎপাদন হবে, তা নির্ধারণ করে পরিকল্পিতভাবে খাদ্য ও সবজি উৎপাদন করা গেলে বছরের বিভিন্ন সময়ে বাজারে পণ্যের ঘাটতি ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।”

দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, সারা বছর নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ বজায় রাখতে এবং মূল্য স্থিতিশীল রাখতে সরকার ভৌগোলিক সুবিধাপ্রাপ্ত এলাকাভিত্তিক কৃষি উৎপাদনের ওপর গুরুত্ব দিয়ে পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে।

আসন্ন রমজান মাসের প্রস্তুতি সম্পর্কে বাণিজ্যমন্ত্রী আশ্বস্ত করে বলেন, দেশে চিনি, ছোলা, খেজুর, পেঁয়াজ ও ভোজ্যতেলসহ প্রয়োজনীয় সব পণ্যের যথেষ্ট মজুত রয়েছে। বর্তমানে কোনো ধরনের সরবরাহ ঘাটতি নেই এবং পাইপলাইনেও আমদানিকৃত পণ্যের চালান রয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, রমজান কিংবা অন্য সময়ে কোনো ব্যবসায়ী যদি ইচ্ছাকৃতভাবে অথবা জোটবদ্ধ হয়ে দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়, তবে সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হকের সভাপতিত্বে আয়োজিত এই সভায় আরও বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ও পোর্ট ইউজার্স ফোরামের চেয়ারম্যান আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, চেম্বারের সাবেক সভাপতি আলী আহমেদ, চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মো. আমজাদ হোসেন চৌধুরী, বিজিএমইএর প্রথম সহসভাপতি সেলিম রহমান, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এম এ সালাম, বিপিএএমইএর প্রথম সহসভাপতি শহীদুল্লাহ চৌধুরী, কমিশনার অব কাস্টমস মুহা. মাহবুবুর রহমান, সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি এম এ ছালাম, সাবেক পরিচালক এস এম আবু তৈয়ব এবং রেজাউল করিমসহ অনেকে।