রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার চার দিন পর চৌধুরী ফুয়াদ হাসান রোহান (২১) নামে এক কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার দাদশী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের একটি মেহগনিবাগানের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রোহান রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি দাদশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. রোকনউদ্দিন চৌধুরীর নাতি এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের মামাতো ভাই।

পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার (৫ অক্টোবর) বেলা তিনটার দিকে বাসা থেকে বের হওয়ার পর রোহান নিখোঁজ হন। এরপর স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি।

বৃহস্পতিবার স্থানীয় লোকজনের দেয়া খবরের ভিত্তিতে রঘুনাথপুর গ্রামের একটি মেহগনিবাগানের ডোবায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে বস্তাবন্দী অবস্থায় রোহানের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, লাশটির পেট কাটা ছিল।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে ডোবা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আশা করা হচ্ছে, দ্রুততম সময়ের মধ্যে হত্যাকাণ্ডের কারণ ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করা সম্ভব হবে।

এদিকে খবর পেয়ে রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার রহস্য উন্মোচনে কাজ শুরু করেছে পুলিশ।