মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ইলিশ সম্পদ সংরক্ষণের গুরুত্বারোপ করে বলেছেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ এবং বিশেষ করে জেলেদের সম্পদ। তাই এই সম্পদ রক্ষা করার মূল দায়িত্ব তাদেরই। তিনি বলেন, “ইলিশ আমাদের সম্পদ, বিশেষ করে আপনাদের (জেলে) সম্পদ। তাই রক্ষা করার দায়িত্বও আপনাদের। আমরা সবাই মিলেই এই সম্পদ রক্ষা করব। আমরা যে কোনো কিছুর বিনিময়ে আমাদের সম্পদ বৃদ্ধি করব। বাংলাদেশকে বুকে ধারণ করে আমরা চলতে চাই। দেশপ্রেমকে ধারণ করে আমাদের পথ চলতে হবে।”

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে মাদারীপুর জেলার শিবচরের কাওড়াকান্দি এলাকায় উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের যৌথ উদ্যোগে জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জেলেদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধির বিষয়ে আলোকপাত করে প্রতিমন্ত্রী জানান, ছোট ইলিশের ডিমে দেড় থেকে দুই লাখ বাচ্চা হয়, আর বড় ইলিশের ডিমে কমপক্ষে ২০ লাখ মাছের বাচ্চা হওয়া সম্ভব। তিনি জেলেদের মনে করিয়ে দিয়ে বলেন, “এই সম্পদ আমাদের, বিশেষ করে আপনাদের (জেলে)। আমরা সব সময় বলে থাকি জলাশয় উন্মুক্ত থাকবে। আমাদের নির্বাচনি প্রতিশ্রুতিতে আছে জাল যার জলা তার। কাজেই মাত্র ২২ দিন আমাদের ধৈর্য ধারণ করে থাকতে হবে। আমরা ২৫ কেজি করে চাল দিচ্ছি আপনাদের। এ কয়টা দিন যদি একটু কষ্ট করেন তাহলে আপনাদের সম্পদের পরিমাণই বাড়বে।”

ইলিশের বৈশ্বিক গুরুত্ব উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ এবং এটি একটি জিআই পণ্য। বিশ্বের মোট ইলিশ উৎপাদনের প্রায় ৭০ শতাংশই হয় বাংলাদেশে। তাই এই সম্পদ রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব। তিনি মাদারীপুর জেলার গুরুত্ব উল্লেখ করে বলেন, মাদারীপুর ইলিশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান এবং পদ্মা নদীর এই অঞ্চলেই সবচেয়ে সুস্বাদু ইলিশ পাওয়া যায়।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেন প্রতিমন্ত্রী। বিশেষ করে অবৈধ জালের ব্যবহার রোধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আমাদের সচেতন থাকতে হবে। আমাদেরকেই আমাদের সম্পদ রক্ষা করতে হবে।”

সম্পদ রক্ষার পাশাপাশি মাদকের ভয়াবহতা নিয়ে কঠোর বার্তা দেন সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, বর্তমানে দেশে মাদক একটি ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যা যুব সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। তাই মাদক থেকে দূরে থাকতে হবে এবং প্রতিটি পরিবারকে সতর্ক থাকতে হবে যেন কেউ মাদকের সাথে সম্পৃক্ত না হয়। তিনি আশা প্রকাশ করেন যে, সবাই মিলে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী ও স্বনির্ভর দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। তিনি বলেন, “আমরা এই দেশকে স্বনির্ভর দেশ হিসেবে গড়ে তুলবো, অর্থনৈতিকভাবে শক্তিশালী করবো। সবাই মিলে বাংলাদেশ আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ।”

মাদারীপুর জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর ১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা, মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড.মো. খালেদ কনক, মাদারীপুরের পুলিশ সুপার মো.ফজলে এলাহী, মৎস্য অধিদপ্তরের পরিচালক (ঢাকা) মো.আহসান হাবীব খান, জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, বিএনপি নেত্রী নাদিরা মিঠু চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান এবং সদস্য সচিব মো.সোহেল রানাসহ অন্যান্যরা।