বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পর এবার পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের আরও দুটি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ থেকে বাদ পড়েছেন সালমান এফ রহমান। এর ফলে শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের মোট তিনটি কোম্পানির পরিচালনা পর্ষদ থেকে তিনি বিদায় নিলেন।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সূত্র অনুযায়ী, গত ২৯ সেপ্টেম্বর নিয়ন্ত্রক সংস্থাটি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের অনুমোদন প্রদান করে। সেই প্রক্রিয়ায় বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে বাদ পড়েন সালমান এফ রহমান। এরপর এবার তিনি বেক্সিমকো গ্রুপের তালিকাভুক্ত অপর দুটি প্রতিষ্ঠান—শাইনপুকুর সিরামিকস ও বেক্সিমকোর পরিচালনা পর্ষদ থেকেও বাদ পড়েছেন। গতকাল মঙ্গলবার বিএসইসি-র এক সভায় এই দুই কোম্পানির পুনর্গঠিত পর্ষদের অনুমোদন দেওয়া হয়।
বিএসইসি জানিয়েছে, বিনিয়োগকারীদের স্বার্থ এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শাইনপুকুর সিরামিকস ও বেক্সিমকোর পর্ষদ পুনর্গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। কোম্পানি দুটির পৃথক আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে দুই কোম্পানিরই পুনর্গঠিত পর্ষদ থেকে সালমান এফ রহমান বাদ পড়েছেন। শাইনপুকুর সিরামিকসের পুনর্গঠিত পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সালমান এফ রহমানের ভাই আহমেদ সোহেল ফসিহুর রহমান (এ এস এফ রহমান)। এছাড়া কোম্পানিটির পর্ষদে উদ্যোক্তা হিসেবে স্থান পেয়েছেন ওসমান কায়সার চৌধুরী, ইকবাল আহমেদ, আজমল কবির এবং কামরুন নাহার আহমেদ। পাশাপাশি পর্ষদে দুজন স্বতন্ত্র পরিচালক যুক্ত করার সিদ্ধান্তও অনুমোদন করেছে বিএসইসি, তবে ওই স্বতন্ত্র পরিচালকদের নাম এখনো চূড়ান্ত করা হয়নি।
শাইনপুকুর সিরামিকসের পর্ষদে থাকা উদ্যোক্তা পরিচালকরাই বেক্সিমকোর পুনর্গঠিত পর্ষদেও জায়গা পেয়েছেন। বেক্সিমকো লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্বও পেয়েছেন আহমেদ সোহেল ফসিহুর রহমান (এ এস এফ রহমান)। অন্যদিকে, কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক বা এমডি হিসেবে পর্ষদে রয়েছেন ওসমান কায়সার চৌধুরী। এছাড়া উদ্যোক্তা পরিচালক হিসেবে পুনর্গঠিত পর্ষদে স্থান পেয়েছেন ইকবাল আহমেদ, আজমল কবির ও কামরুন নাহার আহমেদ। স্বতন্ত্র পরিচালক হিসেবে কোম্পানিটির পর্ষদে রাখা হয়েছে শাহ মঞ্জুরুল হক এবং আরও একজনকে। তবে দুই স্বতন্ত্র পরিচালকের মধ্যে একজনের নাম উল্লেখ করা হলেও অন্যজনের নাম এখনো চূড়ান্ত হয়নি।
২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবার নিজ প্রতিষ্ঠান বেক্সিমকোর পর্ষদ থেকেও বাদ পড়লেন। বর্তমানে তিনি কারাগারে বন্দি রয়েছেন। উল্লেখ্য, বেক্সিমকো গ্রুপের তালিকাভুক্ত কোম্পানিগুলোর পর্ষদ থেকে বাদ পড়ার আগে গত বছরের জুলাইয়ে সালমান এফ রহমানকে শেয়ারবাজারে ‘আজীবন অবাঞ্চিত’ ঘোষণা করেছিল বিএসইসি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে বেক্সিমকো যে প্রতিকূল অবস্থার সম্মুখীন হয়েছে, তা বিবেচনা করে সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপের পর্ষদ থেকে পদত্যাগে সম্মত হন। তাঁর কারণে যেন কোম্পানিটির ব্যবসা এবং শেয়ারধারীদের কোনো ক্ষতি না হয়, সেই উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের তিনটি কোম্পানি থেকে তাঁকে বাদ দিয়ে পর্ষদ পুনর্গঠন করা হয়। তবে লক্ষ্য করা গেছে যে, পুনর্গঠিত পর্ষদে সালমান-ঘনিষ্ঠরাই অবস্থান করছেন।