স্টারলিংকের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে দেশে বাণিজ্যিকভাবে স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করেছে মুঠোফোন অপারেটর বাংলালিংক। এই বিশেষ সেবার ফলে প্রচলিত নেটওয়ার্ক ব্যবস্থা বিঘ্নিত হলেও গ্রাহকেরা নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখতে পারবেন।

বিশেষ করে জরুরি পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ কিংবা দীর্ঘমেয়াদী বিদ্যুৎ বিভ্রাটের কারণে যখন সাধারণ নেটওয়ার্ক সেবা অকেজো হয়ে পড়ে, তখন এই স্যাটেলাইট সংযোগ অত্যন্ত কার্যকর হবে। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলালিংক এই নতুন সেবার কথা জানিয়েছে।

বাংলালিংকের মতে, এই সেবাটি বিশেষ করে জেলে, সাগরে কর্মরত ব্যক্তি, উপকূলীয় ও দুর্গম এলাকার বাসিন্দা এবং পর্যটকদের জন্য অত্যন্ত সহায়ক হবে। এমনকি বাংলাদেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের (ইইজেড) অন্তর্ভুক্ত গভীর সমুদ্র এলাকাতেও এই সেবার মাধ্যমে সংযোগ পাওয়া সম্ভব হবে।

নেটওয়ার্কের আওতার বাইরে থাকা এলাকাগুলোতেও স্যাটেলাইট-টু-মোবাইল সেবার মাধ্যমে নির্দিষ্ট কিছু অ্যাপ এবং লোকেশন সেবা ব্যবহারের সুযোগ থাকবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, এই সুবিধা ভোগ করতে গ্রাহকের কেবল একটি বাংলালিংক সংযোগ এবং ফোর-জি সক্ষম মুঠোফোন থাকলেই চলবে।

এই উদ্যোগ সম্পর্কে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইওহান বুসে বলেন, ‘পরিবারের কেউ যেন দূরে থাকা স্বজনের সঙ্গে কথা বলতে পারেন, একজন জেলে যেন বাড়িতে বার্তা পাঠাতে পারেন কিংবা দুর্গম এলাকায় থাকা কেউ প্রয়োজনের সময় কারও সঙ্গে যোগাযোগ করতে পারেন, সেটিই গুরুত্বপূর্ণ। স্যাটেলাইট-টু-মোবাইল সেবার মাধ্যমে আমরা বাংলাদেশের আরও বেশি মানুষের কাছে এবং আরও বেশি এলাকায় সংযোগ পৌঁছে দিতে চাই।’

সেবা চালুর প্রাথমিক পর্যায়ে গ্রাহকদের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। বাংলালিংক জানিয়েছে, সেবা চালুর প্রথম মাসে যেকোনো বাংলালিংক ইন্টারনেট বা মিক্সড বান্ডল প্যাক কিনলে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই স্যাটেলাইট-টু-মোবাইল সেবা ব্যবহার করা যাবে। দ্বিতীয় মাস থেকে নির্দিষ্ট কিছু মাসিক ইন্টারনেট ও মিক্সড বান্ডল প্যাকের সঙ্গে এই সুবিধাটি বিনামূল্যে প্রদান করা হবে।

এর পাশাপাশি, স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহার করে গ্রাহকেরা প্রতি মাসে বিনামূল্যে পাঁচটি এসএমএস পাঠানোর সুযোগ পাবেন।