চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার কেডিসিপাড়ায় মাদক কারবারিদের অতর্কিত হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৯টার দিকে রহনপুর রেলস্টেশন সংলগ্ন কেডিসিপাড়ায় এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে। মাদক কারবারিদের হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান। সেই সময় উত্তেজিত মাদক কারবারিরা তার গাড়ির লক্ষ্য করে ঢিল ছুড়লে গাড়ির গ্লাস ভেঙে যায়।

হামলায় গুরুতর আহত হয়েছেন স্থানীয় বাসিন্দা কামরুল (৪০), শাম মোহাম্মদ (৪৫), মাইনুল (৩৫), ফারুক (৪৫) ও রিফাত (২৫)। এছাড়া আরও কয়েকজন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।

মাদক ও অসামাজিক কার্যকলাপ নির্মূল কমিটির সদস্য সচিব ও আম ব্যবসায়ী নাসিরউদ্দীন জানান, রহনপুরের কেডিসিপাড়াকে (শান্তিপাড়া) মাদক ও অসামাজিক কার্যকলাপমুক্ত করার লক্ষ্যে তারা কাজ করছেন। এরই ধারাবাহিকতায় কমিটির সদস্যরা মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করতে গেলে স্থানীয় আব্দুল্লাহর লোকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে নারীসহ মোট ১০ জন আহত হন। ঠিক সেই মুহূর্তে ইউএনও ঘটনাস্থলে উপস্থিত হলে তার গাড়িতেও হামলা চালানো হয় বলে তিনি দাবি করেন।

ঘটনার বিষয়ে ইউএনও জিল্লুর রহমান জানান, রহনপুর রেলস্টেশনের শান্তিপাড়ায় স্থানীয় আম ব্যবসায়ী ও মাদক কারবারিদের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব চলে আসছিল। মঙ্গলবার সারা দিন ধরে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। পরিস্থিতি তদারকি করতে রাতে সেখানে গেলে মাদক কারবারিরা আম ব্যবসায়ীদের ওপর চড়াও হয় এবং একজন ব্যবসায়ীকে আক্রমণ করে। আহত ওই আম ব্যবসায়ীকে নিয়ে হাসপাতালের দিকে রওনা হওয়ার সময় চারদিক থেকে ঢিল বা পাথর নিক্ষেপ করা হয়। এতে একটি পাথর লেগে তার গাড়ির গ্লাস ভেঙে যায়।

তিনি আরও জানান, স্থান ত্যাগ করার পর মাদক কারবারিরা আরও কয়েকজনের ওপর হামলা চালায়। এর মধ্যে ৫ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, রাতে ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার সকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকায় ওই এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে। তবে মঙ্গলবার রাতের ঘটনার বিষয়ে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ করা হয়নি।