কয়েক মাসের দীর্ঘ করপোরেট লড়াই, নেটফ্লিক্সের সঙ্গে তীব্র প্রতিযোগিতা, আইনি জটিলতা এবং নানা অনিশ্চয়তার পর অবশেষে একীভূত হলো হলিউডের দুই জায়ান্ট প্রতিষ্ঠান প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি। ১১১ বিলিয়ন ডলারের এক বিশাল চুক্তির মাধ্যমে এই প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। এখন থেকে এই দুই প্রতিষ্ঠান যৌথভাবে 'স্কাইড্যান্স করপোরেশন' নামে পরিচালিত হবে। নতুন এই প্রতিষ্ঠানের দায়িত্ব সামলাবেন চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ডেভিড এলিসন। ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির ঋণসহ এই চুক্তির মোট মূল্য ধরা হয়েছে ১১১ বিলিয়ন ডলার। এই একীভূতকরণের ফলে একই ছাতার নিচে চলে এল হলিউডের দুই প্রভাবশালী স্টুডিওর পাশাপাশি সিবিএস, সিএনএন, কমেডি সেন্ট্রাল, এমটিভি ও টিবিএসের মতো জনপ্রিয় টেলিভিশন নেটওয়ার্ক এবং প্যারামাউন্ট প্লাস ও এইচবিও ম্যাক্সের মতো শীর্ষস্থানীয় স্ট্রিমিং সেবাগুলো।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন স্কাইড্যান্সের বার্ষিক আয় প্রায় ৭০ বিলিয়ন ডলার হবে। তবে আয়ের পাশাপাশি তাদের প্রায় ৮০ বিলিয়ন ডলারের নিট ঋণের বিশাল বোঝাও বহন করতে হবে। চুক্তি সম্পন্ন হওয়ার পর এক বিবৃতিতে ডেভিড এলিসন বলেন, ‘আজকের দিনটি শুধু স্কাইড্যান্সের জন্য নয়, আমাদের পুরো শিল্পের জন্যই ঐতিহাসিক।’ এলিসন আরও জানান, শুরু থেকেই তাঁদের লক্ষ্য ছিল ঐতিহ্যবাহী দুই স্টুডিওকে এক জায়গায় এনে আরও শক্তিশালী প্রতিযোগী তৈরি করা। প্রতিভা, সম্পদ ও বিস্তৃত পরিসর কাজে লাগিয়ে সব ধরনের গল্প সব প্ল্যাটফর্মে বিশ্বের দর্শকের কাছে পৌঁছে দেওয়াই তাঁদের লক্ষ্য। এখন সেই পরিকল্পনা বাস্তবে রূপ নিয়েছে।

এই চুক্তির নেপথ্যে ছিল দীর্ঘ টানাপোড়েন। বছরের শেষ দিকে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি কেনার লড়াই শুরু হয়, যেখানে প্রথম দিকে নেটফ্লিক্স বেশ এগিয়ে ছিল। গত ডিসেম্বরে ঋণসহ প্রায় ৮২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্সের কিছু সম্পদ কিনতে সম্মত হয়েছিল নেটফ্লিক্স। তবে পরবর্তীতে প্যারামাউন্ট স্কাইড্যান্স একটি পাল্টা প্রস্তাব নিয়ে আসে। শুরুতে প্যারামাউন্টের প্রস্তাবটি প্রত্যাখ্যাত হলেও পরে শেয়ারপ্রতি এক ডলার বাড়িয়ে পুনরায় প্রস্তাব দেওয়া হয়। তখন ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি জানায়, নেটফ্লিক্সের চেয়ে প্যারামাউন্টের প্রস্তাবটিই অধিকতর শ্রেয়। নেটফ্লিক্সকে প্রস্তাব বাড়ানোর সুযোগ দেওয়া হলেও তারা আর দাম না বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এরপরই ১১১ বিলিয়ন ডলারের চূড়ান্ত প্রস্তাব নিয়ে এগিয়ে যায় প্যারামাউন্ট স্কাইড্যান্স। তবে পথটি সহজ ছিল না; যুক্তরাষ্ট্রের ১২ জন ডেমোক্র্যাট অ্যাটর্নি জেনারেলের করা অ্যান্টিট্রাস্ট মামলার কারণে চুক্তিটি বাধাগ্রস্ত হয় এবং সম্পন্ন হতে দেরি হয়। শেষ পর্যন্ত সব আইনি বাধা পেরিয়ে আনুষ্ঠানিকভাবে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারিকে অধিগ্রহণ করল প্যারামাউন্ট।

নতুন স্কাইড্যান্সের ব্যবসায়িক কার্যক্রম তিনটি প্রধান বিভাগে পরিচালিত হবে—স্টুডিওস, ডিরেক্ট-টু-কনজ্যুমার এবং টিভি মিডিয়া। এই বিশাল প্রতিষ্ঠানের আওতায় এখন থাকছে প্যারামাউন্ট পিকচার্স, ওয়ার্নার ব্রাদার্স, এইচবিও, এইচবিও ম্যাক্স, প্যারামাউন্ট প্লাস, প্লুটো টিভি, সিবিএস, সিএনএন, সিবিএস স্পোর্টস, টিএনটি স্পোর্টস, নিকেলোডিয়ন, কার্টুন নেটওয়ার্ক, এমটিভি, ফুড নেটওয়ার্ক, বিইটি, এইচজিটিভি ও কমেডি সেন্ট্রাল। স্ট্রিমিং খাতের ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন আসছে। স্কাইড্যান্স জানিয়েছে, সময়ের সঙ্গে প্যারামাউন্ট প্লাস ও এইচবিও ম্যাক্সকে একীভূত করে একটি একক স্ট্রিমিং সেবা চালু করা হবে।

তবে এই একীভূতকরণের ফলে হাজারো কর্মী তাদের চাকরি হারাতে পারেন। আগামী তিন বছরে বার্ষিক হিসাবে ৬ বিলিয়ন ডলারের বেশি ব্যয় সাশ্রয়ের লক্ষ্য নিয়েছে স্কাইড্যান্স। মূলত প্রযুক্তি, বিভিন্ন কার্যক্রমের সমন্বয়, পণ্য ও সেবা কেনাকাটা, বিপণন এবং আবাসন খাত থেকে এই ব্যয় কমানো হবে। এর সরাসরি প্রভাব পড়তে পারে কর্মীদের ওপর; আগামী কয়েক মাসে সাবেক প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির হাজারো কর্মী ছাঁটাই হতে পারেন। স্কাইড্যান্সের লক্ষ্য হলো, ২০২৬ ও ২০২৭ সালে নিট ঋণ ও সমন্বিত আয়ের অনুপাত আনুমানিক সাত গুণ থেকে কমিয়ে ২০২৯ সালের শেষ নাগাদ তিন গুণে নামিয়ে আনা।

নতুন প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ থাকবে মূলত এলিসন পরিবারের হাতে। প্রযুক্তি খাতের ধনকুবের ল্যারি এলিসনের বিপুল আর্থিক সমর্থনে এই অধিগ্রহণ সম্ভব হয়েছে। এলিসন পরিবার এবং বিনিয়োগ প্রতিষ্ঠান রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্সের হাতে থাকবে একীভূত প্রতিষ্ঠানের শতভাগ ভোটাধিকার। চুক্তির অর্থায়নে ক্লাস বি সাধারণ শেয়ারে ৪৭ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে, যার নেতৃত্বে ছিলেন ল্যারি এলিসন, রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স, লায়নট্রি এবং সৌদি আরব, কাতার ও আবুধাবির সার্বভৌম সম্পদ তহবিল। প্রতি শেয়ারের মূল্য ছিল ১২ ডলার। ঋণ অর্থায়নে নেতৃত্ব দিয়েছে ব্যাংক অব আমেরিকা, সিটিগ্রুপ ও অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্ট।

চুক্তির শর্ত অনুযায়ী, ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির শেয়ারহোল্ডাররা প্রতিটি শেয়ারের বিপরীতে নগদ প্রায় ৩১ দশমিক শূন্য ২ ডলার পেয়েছেন। এর ফলে প্রতিষ্ঠানটির শেয়ার নাসডাকে লেনদেন বন্ধ হয়ে গেছে। অন্যদিকে, স্কাইড্যান্সের ক্লাস বি শেয়ার নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে ‘এসকেওয়াইডি’ প্রতীকে লেনদেন শুরু করছে। নতুন প্রতিষ্ঠানে ডেভিড এলিসনের সঙ্গে সহপ্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ম্যাটেলের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ইনন ক্রেইজ। এলিসনের ভাষায়, একীভূতকরণ শেষ হওয়ায় এখন তাঁদের মনোযোগ ভবিষ্যতের দিকে—এমন একটি প্রতিষ্ঠান গড়ে তোলা, যা সৃজনশীল মানুষদের ক্ষমতায়ন করবে, দর্শকদের বিনোদন দেবে এবং শেয়ারহোল্ডারদের জন্য সুফল বয়ে আনবে।