বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক এবং এমওডিসি (নৌ) পদে জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। মোট ৯টি ভিন্ন ভিন্ন শাখায় এই নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। আগ্রহী প্রার্থীদের প্রথমে অনলাইনে আবেদন করতে হবে এবং পরবর্তীতে নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আগামী ১৩ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে।
চাকরির বিস্তারিত বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা নিম্নরূপ:
১. ডিই/ইউসি (সিম্যান এবং কমিউনিকেশন ও টেকনিক্যাল): বিজ্ঞান বিভাগে ন্যূনতম এসএসসি বা সমমান (মাদ্রাসা ও ভোকেশনালসহ) পাস হতে হবে এবং জিপিএ হতে হবে ৩.৫০ বা তার বেশি।
২. রেগুলেটিং: ন্যূনতম এসএসসি বা সমমান (মাদ্রাসা ও ভোকেশনালসহ) পাস হতে হবে এবং জিপিএ ৩.০০ বা তদূর্ধ্ব হতে হবে।
৩. রাইটার, স্টোর ও মিউজিশিয়ান: ন্যূনতম এসএসসি বা সমমান (মাদ্রাসা ও ভোকেশনালসহ) পাস এবং জিপিএ ৩.০০ বা তদূর্ধ্ব হতে হবে।
৪. মেডিকেল: জীববিজ্ঞানসহ ন্যূনতম এসএসসি (বিজ্ঞান) বা সমমান পাস হতে হবে এবং জিপিএ ৩.৫০ বা তদূর্ধ্ব হতে হবে।
৫. কুক ও স্টুয়ার্ড: ন্যূনতম এসএসসি বা সমমান (মাদ্রাসা ও ভোকেশনালসহ) পাস এবং জিপিএ ২.৫০ বা তদূর্ধ্ব হতে হবে।
৬. টোপাস: ন্যূনতম ৮ম শ্রেণি পাস হতে হবে।
৭. এমওডিসি (নৌ): ন্যূনতম এসএসসি বা সমমান (মাদ্রাসা ও ভোকেশনালসহ) পাস এবং জিপিএ ৩.০০ বা তদূর্ধ্ব হতে হবে।
আবেদনকারীদের বয়সসীমা:
১ জানুয়ারি ২০২৭ তারিখ অনুযায়ী নাবিক পদের জন্য বয়স হতে হবে ১৭ থেকে ২০ বছরের মধ্যে এবং এমওডিসি (নৌ) পদের জন্য বয়স হতে হবে ১৭ থেকে ২২ বছরের মধ্যে।
বেতন ও অন্যান্য সুবিধা:
নির্বাচিত প্রার্থীরা সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতাদি পাবেন। এর পাশাপাশি সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সকল সুবিধাদি প্রাপ্য হবেন।
আবেদনের অযোগ্যতা:
নিম্নোক্ত ক্ষেত্রে প্রার্থীরা আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন:
১. বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত বলবৎযোগ্য কোনো আইন ও বিধির অধীন গ্রেপ্তার, দোষী সাব্যস্ত, বন্দী, আটক অথবা কোনো মামলায় অভিযুক্ত হয়ে কোনো বিচারালয়ে বিচারাধীন থাকলে।
২. সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে অপসারিত/বহিষ্কৃত হলে।
৩. দ্বৈত নাগরিকত্ব থাকলে।
৪. সশস্ত্র বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণ চলাকালে স্বেচ্ছায় চাকরি ত্যাগ করলে।
আবেদন প্রক্রিয়া:
নাবিক পদে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের নৌবাহিনীর ওয়েবসাইটে প্রবেশ করে হোমপেজে Sailor Section/Apply Now–এ ক্লিক করতে হবে। প্রথমে প্রাক্–যোগ্যতা যাচাই করে নাবিক ও এমওডিসির (নৌ) শাখাভিত্তিক Job Description (দায়িত্ব ও কর্তব্য) জেনে Apply Now বাটনে ক্লিক করতে হবে।
এরপর Sign Up/Sign In করে ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে। প্রার্থীরা যেকোনো ব্যাংক প্রদত্ত ক্রেডিট/ডেবিট কার্ড (যেমন ভিসা, মাস্টারকার্ড, আমেরিকান এক্সপ্রেস, নেক্সাস) এবং মোবাইল ব্যাংকিং (যেমন বিকাশ, নগদ, রকেট, ট্যাপ, ওকে ওয়ালেট) ব্যবহার করে পেমেন্ট সম্পন্ন করতে পারবেন।
ফি প্রদানের পর অনলাইন আবেদন ফরমটি যথাযথভাবে পূরণ করে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। এরপর ‘নাবিক-১’ ফরমটি ডাউনলোড ও প্রিন্ট করে নিতে হবে। নির্দিষ্ট তারিখ ও সময়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হতে হবে।
আবেদন ফি:
আবেদনের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা।
পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র:
১৮ অক্টোবর ২০২৬ থেকে ২৩ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত মোট ৩টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো:
১. বানৌজা ঢাকা, খিলক্ষেত, ঢাকা।
২. বানৌজা তিতুমীর, শহর খালিশপুর, খুলনা।
৩. নৌবাহিনী ভর্তি ও তথ্যকেন্দ্র, টাইগার পাস, চট্টগ্রাম।
শাখা অনুযায়ী পরীক্ষার বিস্তারিত সময়সূচি ওয়েবসাইট লিংকে পাওয়া যাবে। প্রয়োজনীয় সনদপত্রসহ নির্ধারিত তারিখে সকাল ৮টার মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৩ অক্টোবর ২০২৬। বিস্তারিত তথ্যের জন্য নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে।