শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা লাভ করেছেন ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাফেজ মু. রশিদ আলম। শিক্ষকতা পেশার প্রতি তাঁর অসামান্য নিষ্ঠা, পেশাগত দক্ষতা এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিশেষ ভূমিকার জন্য তাঁকে এই মর্যাদাপূর্ণ সম্মাননা প্রদান করা হয়েছে।

বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে সম্মাননা সনদ ও চেক গ্রহণ করেন হাফেজ মু. রশিদ আলম।

ঠাকুরগাঁও সদরের হাজিপাড়া এলাকার বাসিন্দা হাফেজ মু. রশিদ আলম দীর্ঘ সময় ধরে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত আছেন। পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন, শৃঙ্খলাবোধ এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তাঁর এই অনন্য অর্জনে ঠাকুরগাঁও জেলার শিক্ষক সমাজ, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন পেশার মানুষ তাঁদের আনন্দ ও অভিনন্দন প্রকাশ করেছেন। তাঁদের মতে, হাফেজ মু. রশিদ আলমের এই অর্জন কেবল তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি পুরো ঠাকুরগাঁওয়ের শিক্ষাঙ্গনের জন্য অত্যন্ত গর্বের একটি বিষয়।

নিজের অনুভূতি ব্যক্ত করে হাফেজ মু. রশিদ আলম বলেন, “জাতীয় পর্যায়ের এই স্বীকৃতি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে শিক্ষার্থীদের আরও ভালোভাবে গড়ে তুলতে নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।”