ফেসবুক অ্যাকাউন্টে যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে ই-মেইল ঠিকানা ব্যবহার করা যায়। এই সুবিধার কারণে অধিকাংশ ব্যবহারকারীই তাদের অ্যাকাউন্টে ই-মেইল ঠিকানা যুক্ত করে থাকেন। তবে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা কিংবা পেশাগত প্রয়োজনে অনেক সময় নতুন ই-মেইল যুক্ত করার অথবা পুরোনো ঠিকানা সরিয়ে ফেলার প্রয়োজন হয়। ব্যবহারকারীদের এই সুবিধার কথা মাথায় রেখে ফেসবুক নতুন ই-মেইল যুক্ত করার পাশাপাশি পুরোনো ঠিকানা মুছে ফেলার সহজ সুযোগ প্রদান করেছে। ফেসবুক অ্যাকাউন্টে ই-মেইল ঠিকানা যুক্ত অথবা মুছে ফেলার বিস্তারিত পদ্ধতি নিচে আলোচনা করা হলো।
ফেসবুকে নতুন ই-মেইল ঠিকানা যুক্ত করার প্রক্রিয়াটি বেশ সহজ। এর জন্য প্রথমেই ব্যবহারকারীকে তার প্রোফাইল ছবিতে ক্লিক করতে হবে। এরপর মেনু থেকে 'সেটিংস অ্যান্ড প্রাইভেসি' নির্বাচন করে 'সেটিংস'-এ ক্লিক করতে হবে। সেখান থেকে 'অ্যাকাউন্টস সেন্টার' অপশনে গিয়ে 'পারসোনাল ডিটেইলস'-এ ক্লিক করে 'কন্টাক্ট ইনফো' নির্বাচন করতে হবে। এরপর 'অ্যাড নিউ কন্টাক্ট'-এ ক্লিক করে 'অ্যাড ই–মেইল অ্যাডড্রেস' অপশনটি বেছে নিতে হবে। এখন যে ই-মেইল ঠিকানাটি অ্যাকাউন্টে যুক্ত করতে চান, সেটি লিখে সংশ্লিষ্ট অ্যাকাউন্টটি নির্বাচন করতে হবে। এরপর 'নেক্সট'-এ ক্লিক করলে ওই ই-মেইল ঠিকানায় একটি নিশ্চিতকরণ কোড পাঠানো হবে।
ই-মেইলে প্রাপ্ত সেই কোডটি নির্দিষ্ট ঘরে লিখে পুনরায় 'নেক্সট'-এ ক্লিক করতে হবে। সবশেষে 'ক্লোজ'-এ ক্লিক করলেই নতুন ই-মেইল ঠিকানাটি সফলভাবে ফেসবুক অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে।
অন্যদিকে, ফেসবুক অ্যাকাউন্ট থেকে কোনো ই-মেইল ঠিকানা মুছে ফেলতে হলে প্রথমে নিজের প্রোফাইল ছবিতে ক্লিক করে 'সেটিংস অ্যান্ড প্রাইভেসি' থেকে 'সেটিংস' নির্বাচন করতে হবে। এরপর 'অ্যাকাউন্টস সেন্টার'-এ প্রবেশ করে 'পারসোনাল ডিটেইলস' এবং 'কন্টাক্ট ইনফো' নির্বাচন করলেই ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত সব ই-মেইল ঠিকানা প্রদর্শিত হবে। এখান থেকে যে ঠিকানাটি সরাতে চান, সেটির ওপর ক্লিক করে 'ডিলিট ই–মেইল' নির্বাচন করতে হবে। এরপর 'ডিলিট'-এ ক্লিক করে ই-মেইল ঠিকানাটি মুছে ফেলার বিষয়টি নিশ্চিত করতে হবে। নিরাপত্তা নিশ্চিত করতে ই-মেইল ঠিকানা মুছে ফেলার আগে ফেসবুক অ্যাকাউন্টটির পাসওয়ার্ড পুনরায় চাওয়া হতে পারে। সেক্ষেত্রে সঠিক পাসওয়ার্ড লিখে 'সাবমিট'-এ ক্লিক করতে হবে। সবশেষে 'ক্লোজ'-এ ক্লিক করলে ই-মেইল ঠিকানাটি অ্যাকাউন্ট থেকে স্থায়ীভাবে সরিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য যে, ফেসবুকে যুক্ত ই-মেইল ঠিকানা পরিবর্তন করার জন্য সরাসরি কোনো অপশন নেই। ই-মেইল পরিবর্তন করতে হলে প্রথমে বর্তমান বা পুরোনো ই-মেইল ঠিকানাটি মুছে ফেলতে হবে এবং এরপর নতুন ই-মেইল ঠিকানা যুক্ত করতে হবে। অর্থাৎ, পুরোনো ঠিকানাটি সরিয়ে নতুন ঠিকানা যোগ করলেই ফেসবুক অ্যাকাউন্টের ই-মেইল ঠিকানা পরিবর্তিত হয়ে যাবে।