ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ববিরোধের জেরে নরসিংদী থেকে ভাড়ায় লোক এনে হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনার পর দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ দুজনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

গত শনিবার (৩ অক্টোবর) রাতে উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে।

আহতদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন চরলাপাং গ্রামের ফুল মিঞা (৬০) এবং একই গ্রামের সুমন মিঞার স্ত্রী উম্মে হানি (২২)। তাদের দ্রুত উদ্ধার করে প্রথমে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চরলাপাং গ্রামে একটি সড়ক নির্মাণ নিয়ে গ্রামের অহিদ মিঞার সঙ্গে স্থানীয়দের দীর্ঘদিনের বিরোধ ছিল। সম্প্রতি ওই সড়কটির নির্মাণকাজ শেষ হওয়ার পর ট্রাক্টর ভাড়া দেওয়া নিয়ে এই বিরোধ আরও চরম আকার ধারণ করে।

স্থানীয়দের দাবি, গ্রামের মুসলেম মিঞা কৃষকদের জমিতে চাষের কাজে ব্যবহারের জন্য একটি ট্রাক্টর কিনে আনেন। এতে ট্রাক্টর ভাড়া দেওয়ার ব্যবসায় নিজের একক আধিপত্য নষ্ট হওয়ার আশঙ্কায় ক্ষুব্ধ হন অহিদ মিঞা ও তার ভাই উবদুল মিঞা। এই বিষয়টিকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র আরও জানিয়েছে, এই উত্তেজনার জেরেই শনিবার রাতে অহিদ মিঞা নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জারচর গ্রাম থেকে লোক ভাড়া করে আনেন বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে অহিদ মিঞার নেতৃত্বে ওই ভাড়াটে লোকজন মুসলেম মিঞার পক্ষের লোকজনের ওপর হামলা চালায়, যার ফলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে গুলির ঘটনা ঘটে, যাতে মুসলেম মিঞার পক্ষের ফুল মিঞা ও উম্মে হানি গুলিবিদ্ধ হন। এই ঘটনায় আরও অন্তত আটজন আহত হয়েছেন।

নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রোকসানা খাতুন জানান, "দুজনের ডান হাতে গুলির আঘাত ছিল। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।"

ঘটনার বিষয়ে অভিযোগের কথা জানতে অহিদ মিঞা ও মুসলেম মিঞার সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, "দুপক্ষের মধ্যে আগে থেকেই আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল। সম্প্রতি গ্রামের একটি রাস্তা নিয়ে সেই বিরোধ আরও তীব্র হয়।"