প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশে বাংলাদেশ এয়ারফোর্স পরিচালিত বিশেষায়িত শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠিত ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
গত রোববার (৪ অক্টোবর) প্রতিষ্ঠানটি পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী। পরিদর্শনকালে তিনি সাধারণ শিক্ষার্থীদের জন্য ভর্তি ফি কমানোর পাশাপাশি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
স্কুলটির কার্যক্রম পর্যবেক্ষণ করে এহছানুল হক মিলন বলেন, “একজন শিক্ষক পাঁচজনের বেশি শিক্ষার্থী ম্যানেজ করতে পারেন না, যেহেতু তারা অটিজমে আক্রান্ত। এটা অত্যন্ত ব্যয়বহুল। কোনো কোনো ক্ষেত্রে বিশেষায়িত প্রতিজন শিক্ষক একজনকে দেখাশোনা করেন।”
শিক্ষামন্ত্রী আরও উল্লেখ করেন যে, স্কুলের শিক্ষিত অভিভাবকদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে কীভাবে এই প্রক্রিয়ায় সম্পৃক্ত করা যায়, সে বিষয়ে ভবিষ্যতে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হবে। একইসঙ্গে সরকারিভাবে এই বিশেষায়িত স্কুলটিকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের বিষয়ে তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
তিনি আশা প্রকাশ করেন যে, স্কুলটির আধুনিকায়ন এবং বিশেষায়িত শিক্ষা ব্যবস্থার যথাযথ প্রয়োগের মাধ্যমে অটিজমের চ্যালেঞ্জগুলো আরও কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব হবে।
রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দরের মাঠের পাশে অবস্থিত এই স্কুল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন গভর্নিং বডির চেয়ারম্যান এয়ার কমডোর মো. আব্বাস আলী, এয়ারফোর্স হেডকোয়ার্টারসের শিক্ষা বিভাগের পরিচালক এয়ার কমোডর ইমরানুর রহমান এবং ব্লু স্কাই স্কুলের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মো. নুর উল্লাহ।