দেশে হামের প্রকোপ আরও ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০২ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৩ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গজনিত কারণে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২৫ জনে।

রোববার (৪ অক্টোবরর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়।

বুলেটিনে উল্লেখ করা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গ নিয়ে কেবল ঢাকাতেই দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩০০ জন রোগী ভর্তি হয়েছেন।

বিভাগীয় পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪৯৬ জন, চট্টগ্রামে ২৭৮ জন, সিলেটে ১৩১ জন, বরিশালে ১২৮ জন, ময়মনসিংহে ১০৯ জন, খুলনায় ৭৫ জন, রংপুরে ৬৪ জন এবং রাজশাহীতে ১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৪ হাজার ১৪৯ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১ লাখ ৬৬ হাজার ৯০৮ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।

গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৬ হাজার ৪১৮ জনে। এর মধ্যে ২১ হাজার ৭৪৮ জনের ক্ষেত্রে নিশ্চিতভাবে হামের সংক্রমণ শনাক্ত করা হয়েছে।