কন্টেন্ট শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও কটূক্তির অভিযোগে মৌলভীবাজার সদর উপজেলা থেকে মো. মামুন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম রোববার (৪ অক্টোবর) এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহাপুর গ্রামে অভিযান চালিয়ে মামুনকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মামুন ওই এলাকার স্থানীয় বাসিন্দা নিজাম মিয়ার ছেলে।
তদন্তকারী পুলিশ জানিয়েছে, মামুন তার ব্যক্তিগত টিকটক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লক্ষ্য করে অশালীন ভাষায় গালিগালাজ করে একটি ভিডিও তৈরি ও পোস্ট করেছিলেন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। এছাড়া পুলিশ আরও জানিয়েছে যে, মামুনের বিরুদ্ধে থানায় এর আগে একটি মারামারির ঘটনার লিখিত অভিযোগ রয়েছে।
ঘটনা প্রসঙ্গে মৌলভীবাজার সদর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, “ওই যুবক প্রধানমন্ত্রীকে অশালীন ভাষায় গালিগালাজ করে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছে। এ রকম কর্মকান্ডে আমরা কোনো ছাড় দেব না। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।”