রাজধানীর গুলশানে অবস্থিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নিজ বাসভবনের ছাদে স্থাপিত সৌর প্যানেলে উৎপাদিত বিদ্যুৎ এখন জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উৎপাদিত বিদ্যুতের মধ্যে ১ হাজার ইউনিট প্রধানমন্ত্রী নিজে ব্যবহার করেছেন এবং ১ হাজার ২০০ ইউনিট জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। গত তিন দিনে এই পরিমাণ সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের মাধ্যমে প্রধানমন্ত্রী একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

আজ রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সমবায় ভবনে এক বিশেষ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা’ শীর্ষক এই অনুষ্ঠানে দেশের সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ডিডি (এলজি)-রা অংশগ্রহণ করেন। উক্ত সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী উপস্থিত ছিলেন।

সভায় কথা বলার সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, সমবায় ভবনসহ সকল জাতীয় ভবনের ছাদ ব্যবহার করে নিজস্ব বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি সরকারের জন্য সৌরবিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হবে। তিনি বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়াকে একটি ব্যবসায়িক মডেল হিসেবে দেখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে মাঠপর্যায়ে পরিস্থিতি অস্থিতিশীল করার যে ঝুঁকি রয়েছে, সে বিষয়ে ইউএনওদের সতর্ক থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি স্পষ্টভাবে বলেন, কোনো বিশৃঙ্খলা হতে দেওয়া যাবে না।

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বশক্তি প্রয়োগ করতে ইউএনওদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করবে সরকার।’

ইউএনওদের প্রতি তার আহ্বান ছিল যেন তারা এলাকার দরিদ্র মানুষের পাশে দাঁড়ান। তিনি বলেন, এলাকার গরিব মানুষ ইউএনওর কাছে হাত পাতে। প্রত্যেক ইউএনওর জন্য ঐচ্ছিক ফান্ড দেওয়া জরুরি। এতে গরিবদের তাৎক্ষণিক ২ হাজার থেকে ৫ হাজার টাকা সহায়তা দেওয়া যায়। তিনি আরও জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় যদি এই অর্থের জোগান দিতে না পারে, তবে স্থানীয় সরকার মন্ত্রণালয় নিজস্ব রাজস্ব আয় থেকে এই বরাদ্দের ব্যবস্থা করবে। এছাড়া বিদ্যুতের নেট মিটারিং পদ্ধতি নিয়ে উপজেলা প্রশাসনের সাথে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন তিনি।

বিএনপি সরকার জনগণের সরকার এবং নারীর ক্ষমতায়নে বিশ্বাসী বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, স্বৈরাচার আমলে সরকারের নির্দেশনা মানতে গিয়ে অনেক কর্মকর্তাই নিজেদের চাকরি হারিয়েছেন; কিন্তু বিএনপি সরকার কাউকে বলবে না—দিনের ভোট রাতে করতে, ডামি নির্বাচন করতে। এছাড়া রাজধানী মিরপুরের রাড্ডা সেন্টারের ঘটনার কথা উল্লেখ করে তিনি জানান, উত্তরের কমিটি বাতিল করা হয়েছে এবং সংশ্লিষ্ট সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, এমপির ব্যক্তিগত দায় সরকার নেবে না।