বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা এখন এক নতুন বাস্তবতায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি মনে করেন, বৈশ্বিক প্রবৃদ্ধির মন্দ গতি, ঋণের উচ্চ ব্যয় এবং বাণিজ্যিক সংরক্ষণবাদের মতো কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্যনির্ভর ও সঠিক নীতি গ্রহণ করাই বর্তমানে অর্থনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।
শনিবার (৩ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) অর্থনীতি বিভাগের সহযোগিতায় এবং জুনিয়র ইকোনমিস্টস ফোরামের (জেইএফ) উদ্যোগে আয়োজিত ‘ইকনথন ২০২৬’-এর গ্র্যান্ড ফাইনালের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, "নীতি প্রণয়নে বাস্তবভিত্তিক সমাধান এবং তথ্যের যথাযথ ব্যবহার অত্যন্ত জরুরি। অর্থ মন্ত্রণালয়কে প্রতিনিয়ত নানা অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলা করতে হয়। অনেক সময় সীমিত তথ্যের ওপর ভিত্তি করেই এসব পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে হয়।"
দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে তিনি জানান, জ্বালানির মূল্যবৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং মূল্যস্ফীতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এই চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি কর ব্যবস্থার আধুনিকায়ন করা জরুরি বলে তিনি উল্লেখ করেন। এছাড়া জনগণের করের প্রতিটি টাকার স্বচ্ছতা এবং কার্যকর ব্যবহার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার বলে জানান অর্থমন্ত্রী।
‘ইকনথন ২০২৬’ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ২২৪টি দল নিবন্ধন করে। কুইজ, কেস সলভিং ও নীতি প্রণয়নভিত্তিক বিভিন্ন ধাপ পেরিয়ে চূড়ান্ত পর্বে আসা শিক্ষার্থীদের প্রশংসা করেন আমির খসরু মাহমুদ চৌধুরী।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, "দক্ষতা ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না। তবে সততা ও মানবিকতা ছাড়া সেই দক্ষতা সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পারে না।"
অর্থনীতিকে কেবল পরীক্ষায় ভালো ফল করার বিষয় হিসেবে না দেখে একে গভীরভাবে বুঝতে হবে এবং নীতি ও সততার সঙ্গে দেশের সেবায় কাজ করতে হবে বলে তিনি আহ্বান জানান।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ইউনাইটেড গ্রুপের প্রধান উপদেষ্টা হাসান মাহমুদ রাজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ইউনাইটেড গ্রুপের উপদেষ্টা কে এম এ শামীম।
ইউআইইউর উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানের সমাপনী পর্বে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করেন অর্থমন্ত্রী।