হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন মোস্তাক হত্যা মামলার অন্যতম আসামি এবং এলাকায় ‘ক্যাসিনো সম্রাট’ হিসেবে পরিচিত রুবেল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) বিকেলে তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তারকৃত রুবেল মিয়া হবিগঞ্জ সদর উপজেলার শরীফপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা থাকায় ইমিগ্রেশন কর্তৃপক্ষকে আগেই অনুরোধ জানানো হয়েছিল। সেই অনুযায়ী শুক্রবার রাতে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দুবাই যাওয়ার সময় তাকে আটক করা হয়। এরপর তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় নিয়ে আসা হয়।
অনলাইন ক্যাসিনো পরিচালনার অভিযোগ খতিয়ে দেখতে রুবেল মিয়াকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তার ব্যবহৃত চারটি মোবাইল ফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা করা হলেও প্রাথমিকভাবে উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। এছাড়া তার বিরুদ্ধে ঢাকার পল্টন থানায় সাইবার নিরাপত্তা আইনে আরও একটি মামলা রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একটি সিন্ডিকেটের মাধ্যমে দীর্ঘ সময় ধরে অনলাইন ক্যাসিনো পরিচালনা করেছেন রুবেল মিয়া। এর ফলে এলাকার অনেক তরুণ ও যুবক জুয়ার নেশায় পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। জানা গেছে, একসময় চায়ের দোকানে কাজ করা রুবেল বর্তমানে বিদেশে বিলাসবহুল জীবনযাপন করেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর হক বলেন, "গ্রেপ্তারের পর শনিবার বিকেলে রুবেল মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।"