দেশে হামের প্রকোপ আরও বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও আটজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত এই আটজনের মৃত্যু ঘটে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২০ জনে। এছাড়া নিশ্চিত হামে মারা গেছেন ১০২ জন। সব মিলিয়ে এ সময়ে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ১২২ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের এই নিয়মিত পরিসংখ্যানে মৃতদের বয়সভিত্তিক কোনো তথ্য দেওয়া হয় না। তবে রোগতত্ত্ববিদেরদের মতে, হাম সব বয়সী মানুষের হতে পারে, যদিও শিশুরা এতে বেশি আক্রান্ত হয়। প্রাদুর্ভাবের সময়ে হামের উপসর্গ নিয়ে যত মৃত্যু হয়, সেগুলোকে হামে মৃত্যু হিসেবেই বিবেচনা করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের আজকের প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ১০৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ৯৫ হাজার ১৯৭ জন এই উপসর্গে আক্রান্ত হয়েছেন।
একই সময়ে নিশ্চিত হামের রোগীর সংখ্যায় আরও ৪৩ জন যুক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ২১ হাজার ৬৬৬ রোগীর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত করা হয়েছে।
হাসপাতালের তথ্যানুসারে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৩ হাজার ২৪ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গে যে আটজন মারা গেছেন, তারা সবাই ঢাকা বিভাগের বাসিন্দা।