যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ ‘ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রামে’ আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। আগে আবেদনের শেষ তারিখ ৩ অক্টোবর ২০২৬ নির্ধারিত থাকলেও এখন ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে।

এক শিক্ষাবর্ষের মেয়াদে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানে গবেষণা ও শিক্ষকতার জন্য এই অনুদান প্রদান করা হবে। ১০ বছর বা তার বেশি পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন বাংলাদেশি সরকারি-বেসরকারি পেশাজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষণা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সংস্থায় কর্মরত গবেষকরা এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন।

বিগত ৫২ বছরে দুই শতাধিক বাংলাদেশি এই এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিয়েছেন। সাবেক শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং উন্নয়ন পেশাজীবীরা। উল্লেখযোগ্য সাবেক শিক্ষার্থীদের মধ্যে নোবেলজয়ী এবং অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অন্যতম। বর্তমানে ২০২৬-২৭ সেশনের জন্য পূর্ণ অর্থায়নে অধ্যয়নের আবেদন গ্রহণ করা হচ্ছে।

ঢাকার মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উচ্চতর ডিগ্রি (পিএইচডি) বা সমমানের পেশাগত ডিগ্রিধারী এবং নিজ বিশেষায়িত ক্ষেত্রে গবেষণা ও শিক্ষকতার প্রস্তাবনা পেশকারী অনুপ্রাণিত শিক্ষকদের এই অনুদান দেওয়া হবে। প্রার্থীদের অবশ্যই ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। আগামী ২০২৭ সালের সেপ্টেম্বর থেকে এই এক্সচেঞ্জ প্রোগ্রাম শুরু হবে।

বিশেষ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পাঠ্যক্রম প্রণয়ন, দূরশিক্ষণ, শিক্ষাপ্রযুক্তি, জনস্বাস্থ্য, জীববিজ্ঞান, ফার্মেসি, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, আরবান প্ল্যানিং ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে প্রস্তাবনা আহ্বান করা হচ্ছে। এছাড়া প্রতিষ্ঠান বা কার্যক্রম উন্নয়ন, মাধ্যমিক-পরবর্তী শিক্ষকদের উন্নয়ন এবং একাডেমিক পাঠ্যক্রম মূল্যায়নে আগ্রহী শিক্ষকদের জন্য কিছু স্বল্পমেয়াদি অনুদানও দেওয়া হবে।

ফুলব্রাইট ফেলোশিপের সুযোগ-সুবিধার মধ্যে রয়েছে ফিরতি বিমানসহ যাতায়াত ভাড়া, শিক্ষাদান ও সংশ্লিষ্ট একাডেমিক ফি, কক্ষ ও আবাসসহ আনুষঙ্গিক ব্যয়ের জন্য মাসিক বৃত্তি, বইপত্র ক্রয়ের ভাতা, স্বাস্থ্য ও দুর্ঘটনা বিমা এবং ভ্রমণ ও অতিরিক্ত মালপত্রের ভাতা।

আগ্রহীদের অনলাইন আবেদন ফরমের লিংকে গিয়ে একটি লগইন অ্যাকাউন্ট তৈরি করে আবেদন করতে হবে। বিস্তারিত নির্দেশাবলি লিংকে পাওয়া যাবে এবং আরও তথ্যের জন্য [email protected]–এ যোগাযোগ করা যাবে।

আবেদনের শেষ সময় আগামী ৩১ অক্টোবর ২০২৬, বাংলাদেশ সময় সকাল ১০টা ৫৯ মিনিট পর্যন্ত।