কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে রওনা দিয়েছে ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে তিনটি লরিতে করে প্রথম ইউনিটের জন্য প্রয়োজনীয় জ্বালানি রূপপুরে নিয়ে যাওয়া হচ্ছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল ৭টা ১৫ মিনিটে গাড়িবহরটি যাত্রা শুরু করে। সেনাবাহিনীর পাশাপাশি এসআরবি, পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে। জানা গেছে, তিনটি লরিতে ইউরেনিয়াম এবং একটি লরিতে অন্যান্য সরঞ্জামাদি নিয়ে যাওয়া হচ্ছে। এই বহরের সাথে রাশিয়া থেকে আগত বিশেষজ্ঞ দলও রয়েছে।

গাড়িবহর চলাচলের পথে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখায় কিছু এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এর আগে গতকাল শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়ামবাহী বিমান। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা ইউরেনিয়ামের চালানটি বুঝে নেন। পরে তারা সেনাবাহিনীর নিরাপত্তায় রূপপুরে নিয়ে যাবেন বলে জানানো হয়েছিল।

পরিকল্পনা অনুযায়ী, আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে আরও ৯টি ফ্লাইটে রূপপুরের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বল দেশে আসবে। রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে এসব চালান বাংলাদেশে পৌঁছাবে বলে জানিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়ামবাহী বিমান পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করেই বাংলাদেশে পৌঁছেছে। এর আগে কারিগরি সমস্যার কারণে আকাশসীমা ব্যবহারের অনুমতি নিয়ে গড়িমসি করে পাকিস্তান। সে সময় আন্তর্জাতিক আইন এবং বেসামরিক বিমান চলাচল প্রটোকলের সঙ্গে সঙ্গতি রাখার বিষয়টিকে আকাশসীমা ব্যবহারের ক্লিয়ারেন্স না দেওয়ার কারণ হিসেবে জানিয়েছিলেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার।