বরগুনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা আবদুর রশিদ মিয়া (৭৭) মারা গেছেন। শুক্রবার (২ অক্টোবর) রাত ৭টার দিকে ঢাকার হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে আমিরুল ইসলাম মিলন। তিনি জানান, বরগুনা শহরের আমতলার পাড় এলাকার বাসিন্দা আবদুর রশিদ মিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন। কয়েকদিন আগে তার স্বাস্থ্যের অবনতি ঘটলে তাকে ঢাকা হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসকরা সেখানে চিকিৎসা গ্রহণের পরামর্শ দেন। তবে ভর্তির পরেও তার স্বাস্থ্যের উন্নতি হয়নি। শুক্রবার সকাল থেকেই তিনি মারাত্মক অসুস্থ ছিলেন এবং রাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আমিরুল ইসলাম মিলন বলেন, "ভোররাতে অ্যাম্বুলেন্সে করে বরগুনায় নিয়ে আসা হবে তাকে। এরপর স্বজনদের সঙ্গে আলোচনা করে জানাজা ও দাফন কার্য সম্পন্ন করা হবে।"

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী আবদুর রশিদ মিয়া ভারতে প্রশিক্ষণ শেষে ৯ নম্বর সেক্টরের অধীনে যুদ্ধে যোগ দেন। মুক্তিযুদ্ধের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত থাকে সমাজসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া তিনি বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তার মৃত্যুতে জেলার অন্যান্য মুক্তিযোদ্ধাসহ সব শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।