মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন হয়ে সাময়িকভাবে বন্ধ ছিল রেল যোগাযোগ। প্রায় চার ঘণ্টা পর শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়। এর আগে বিকেল ৫টা ১০ মিনিটে বিকল্প ইঞ্জিনের সাহায্যে ট্রেনটিকে শ্রীমঙ্গল রেলস্টেশনে নিয়ে আসা হয়।
ঘটনাটি ঘটে শুক্রবার বেলা দেড়টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া এলাকায়, যেখানে ট্রেনটির ইঞ্জিনের সঙ্গে বগির সংযোগ হুক ছিঁড়ে যায়। বগি বিচ্ছিন্ন হয়ে রেললাইনে আটকা পড়ায় সিলেট-চট্টগ্রাম ও সিলেট-ঢাকা রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এর ফলে বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়ে চরম ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা।
শ্রীমঙ্গল রেলস্টেশনের মাস্টার শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেস আটকা পড়ায় ভানুগাছ স্টেশনে জয়ন্তিকা এক্সপ্রেস এবং শ্রীমঙ্গল স্টেশনে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস আটকা পড়েছিল। বিকল্প ইঞ্জিন দিয়ে পাহাড়িকা এক্সপ্রেসকে শ্রীমঙ্গল স্টেশনে সরিয়ে নেওয়ার পর রেল চলাচল স্বাভাবিক হয়েছে।
দীর্ঘ সময় ট্রেন আটকে থাকায় বিশেষ করে চট্টগ্রামগামী যাত্রীরা চরম বিপাকে পড়েন। পাহাড়িকা এক্সপ্রেসের যাত্রী মো. সাব্বির বলেন, "চট্টগ্রাম যাওয়ার জন্য ট্রেনে উঠেছিলেন। কাছাকাছি কোনো জায়গায় হলে অন্য গাড়িতে চলে যেতে পারতেন। কিন্তু লাউয়াছড়ার ভেতরে আটকা পড়ায় সেটিও সম্ভব হয়নি।"