চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাবুনগর এলাকায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তিনি জামায়াতে ইসলামীর বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বলেন, "জামায়াত ইসলামী মূল্যবোধ থেকে যোজন যোজন দূরে সরে গেছে এবং তাদের উচিত কীভাবে ইসলামের প্রমিত মূল্যবোধ প্রচার করতে হয়, তা হেফাজতে ইসলামের কাছ থেকে শেখা।"

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে এই সাক্ষাৎকারে রাশেদ খাঁন অভিযোগ করেন যে, মুখে সরকারকে সহযোগিতার কথা বললেও বাস্তবে জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ডে স্পষ্ট দ্বিমুখী আচরণ দেখা যাচ্ছে। তার মতে, নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর বর্তমান রাজনৈতিক বক্তব্যের ভাষায় কোনো পার্থক্য নেই।

জামায়াতকে উদ্দেশ করে তিনি আরও বলেন, "ইসলামের মূল্যবোধ কীভাবে প্রচার করতে হয়, তা হেফাজতে ইসলাম বাংলাদেশের কাছ থেকে আপনারা শিখুন। আপনারা ইসলাম ও ইসলামী মূল্যবোধ থেকে যোজন যোজন দূরে সরে গেছেন। এটি জামায়াতের কাছ থেকে দেশের জনগণ প্রত্যাশা করে না। একদিকে ইসলামের কথা বলছে, অন্যদিকে জামায়াতের কার্যক্রম ও কথাবার্তায় দ্বিচারিতা স্পষ্ট।"

আগামী ডিসেম্বর মাসে সরকারকে অস্থিতিশীল করার চক্রান্ত প্রতিহত করতে জনগণের পাশাপাশি তারা রাজপথে থাকবেন বলেও জানান তিনি।

হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে সাক্ষাতের বিষয়ে রাশেদ খাঁন জানান, শাপলা চত্বরের ঘটনার বিচার করতে বর্তমান বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সাক্ষাৎকালে হেফাজতের আমির প্রধানমন্ত্রী তারেক রহমানের সাফল্য ও দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া করেন। এ সময় রাষ্ট্র পুনর্গঠনে সব ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

এ সময় চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীম, ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্যসচিব জহির আজম চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।