অভিনয়শিল্পী রাফিয়াত রশিদ মিথিলা তার পেশাগত জীবনের এক নতুন অধ্যায়ে পদার্পণ করেছেন। দীর্ঘ দুই দশক ব্র্যাকের সঙ্গে কাজ করার পর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মর্যাদাপূর্ণ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই খবরটি জানিয়েছেন মিথিলা।

বৃহস্পতিবার সন্ধ্যায় মিথিলা তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, "আজ থেকে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ সহযোগী গবেষণা বিজ্ঞানী (অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট) হিসেবে কাজ শুরু করেছেন।"

নতুন এই দায়িত্বে তিনি নিউইয়র্কভিত্তিক ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ প্রকল্পের নকশা ও মূল্যায়নে নেতৃত্ব দেবেন। মিথিলা জানান, এই প্রকল্পটি মূলত শিশুর প্রারম্ভিক শৈশব বিকাশ (ইসিডি), পারিবারিক সম্পৃক্ততা এবং কমিউনিটি স্বাস্থ্য নিয়ে কাজ করে। জন্মের পর থেকে পাঁচ বছর বয়সী শিশুদের বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও পরিবেশ নিশ্চিত করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। নিজের বৈশ্বিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্থানীয় চাহিদার সঙ্গে গবেষণার সমন্বয় এবং তথ্য-প্রমাণের ভিত্তিতে কার্যক্রম এগিয়ে নিতে চান তিনি।

গবেষণার পাশাপাশি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কেও (সিইউএনওয়াই) শিক্ষকতা শুরু করেছেন মিথিলা। সেখানে তিনি ‘অ্যাডজাংক্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ হিসেবে ননপ্রফিট ম্যানেজমেন্ট পড়াবেন। বাস্তব জীবনে ননপ্রফিট প্রতিষ্ঠানগুলোর কার্যপদ্ধতি সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়াই হবে তাঁর পাঠদানের অন্যতম উদ্দেশ্য।

নতুন এই যাত্রায় মিথিলা তাঁর দীর্ঘদিনের কর্মস্থল ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রায় দুই দশক ব্র্যাকের সঙ্গে যুক্ত থাকার মধ্যে ১৫ বছর তিনি ব্র্যাক ইন্টারন্যাশনালের হয়ে আন্তর্জাতিক উন্নয়ন খাতে কাজ করেছেন। নিজের নতুন দায়িত্ব সম্পর্কে তিনি লিখেছেন, "কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের উন্নত গবেষণা অবকাঠামো এবং মেধাবী গবেষকদের সঙ্গে কাজের সুযোগ তাঁর কর্ম-অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করছেন তিনি।"

অভিনয়ের পাশাপাশি উন্নয়ন খাত ও শিক্ষাঙ্গনে মিথিলার এই অনন্য সাফল্যে তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা আনন্দ প্রকাশ করেছেন এবং তাঁর নতুন পথচলায় শুভকামনা জানিয়েছেন।