বান্দরবানের লামায় মাদকের টাকার জন্য মাকে উত্ত্যক্ত করার দায়ে এক তরুণকে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার বাজারপাড়া এলাকা থেকে ওই তরুণকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটকের পর এই সাজা দেওয়া হয়।
কারাদণ্ডপ্রাপ্ত তরুণের নাম মো. ইমতিয়াজ (২৪)। তিনি লামা পৌরসভার চেয়ারম্যান পাড়ার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, ইমতিয়াজ নিয়মিত মাদক সেবন করতেন এবং মাদকের টাকা সংগ্রহের জন্য নিজের মা ও বাবাকে ভয়ভীতি দেখিয়ে ও হুমকি দিয়ে উত্ত্যক্ত করতেন। গতকাল দুপুরে তাঁর মা লামা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এই বিষয়ে অভিযোগ দায়ের করেন। এরপর থেকেই পুলিশ তাঁকে নজরদারিতে রাখে। রাত ৯টার দিকে বাজারপাড়ার একটি ঘরে তাঁকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন তাঁকে কারাদণ্ড দেন।
বিষয়টি নিয়ে লামার ইউএনও মো. মঈন উদ্দিন বলেন, "মায়ের অভিযোগ পাওয়ার পর ইমতিয়াজ কোথায় মাদক সেবন করেন, তা নজরদারিতে রাখা হয়। একপর্যায়ে রাতে তাঁকে চোলাই মদ ও গাঁজাসহ হাতেনাতে ধরা হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।"
তিনি আরও জানান, ইমতিয়াজ মা-বাবাকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে টাকা নিয়ে মাদক সেবন করে আসছিলেন এবং বিশেষ করে মাকে সব সময় অতিষ্ঠ করে রাখতেন। ইউএনও বলেন, "এ জন্য মায়ের গর্ভে থাকা ১০ মাস ১০ দিন সময় বিবেচনা করে তাঁকে ওই মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদক সেবন ও নিজের হেফাজতে মাদক রাখার দায়ে এই কারাদণ্ড দেওয়া হয়।"
লামা থানার কর্তব্যরত কর্মকর্তা (ডিউটি অফিসার) উপপরিদর্শক সোমা দাশ জানিয়েছেন, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত ইমতিয়াজকে আজ শুক্রবার সকালে বান্দরবান কারাগারে পাঠানো হয়েছে।